আগ্রাসীদের পূর্ণ পরাজয় ছাড়া আপস করবে না ইরান

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অঞ্চল থেকে সম্পূর্ণভাবে পরাজিত না করা পর্যন্ত কোনো ধরনের আপসে যাবে না ইরান, এমন দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। একই সঙ্গে দীর্ঘ সংঘাতের মধ্যে ইরানের জনগণের অটুট সমর্থনের প্রশংসা করেছে দেশটির সর্বোচ্চ সামরিক কর্তৃপক্ষ।

১৯৮০–১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের যুদ্ধবন্দিদের দেশে ফেরার বার্ষিকী উপলক্ষে রোববার (১৬ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির নির্দেশনা বাস্তবায়নে সামরিক বাহিনী তাদের অবস্থান থেকে সরে যাবে না।

ইরানের জেনারেল স্টাফ জানায়, ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ১৬০ দিনেরও বেশি সময় ধরে দেশের জনগণ ইসলামি প্রজাতন্ত্রের প্রতি সমর্থন জানিয়ে মাঠে রয়েছে। অতীতের যুদ্ধবন্দিদের প্রতিরোধের যে উত্তরাধিকার, তা নতুন প্রজন্মের ইরানিদের মধ্যেও গভীরভাবে প্রোথিত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে ইরানের জনগণের দৃঢ়তা ও অটুট মনোবলের প্রশংসা করে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও সাম্রাজ্যবাদী তৎপরতার মধ্যেও জনগণ সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। একই সঙ্গে দেশটির সাবেক সর্বোচ্চ নেতার নিহত হওয়ার প্রতিশোধের দাবিতেও জনগণের সমর্থনের কথা উল্লেখ করা হয়।

ইরান-ইরাক যুদ্ধের সময়কার প্রতিরোধের স্মৃতিকে বর্তমান সংঘাতের সঙ্গে যুক্ত করে জেনারেল স্টাফ বলেছে, পবিত্র প্রতিরক্ষার সেই উত্তরাধিকারই ইরানের বর্তমান সামরিক সক্ষমতার ভিত্তি তৈরি করেছে।

১৯৮০–১৯৮৮ সালের যুদ্ধ থেকে দেশে ফিরে আসা যুদ্ধবন্দিদের ইরানি গৌরব, আত্মনির্ভরতা ও প্রতিরোধের প্রতীক হিসেবেও উল্লেখ করা হয় বিবৃতিতে। তাদের ত্যাগ ও প্রতিরোধের ধারাবাহিকতাতেই আজকের ইরানি সামরিক শক্তি গড়ে উঠেছে বলে দাবি করেছে দেশটির শীর্ষ সামরিক কর্তৃপক্ষ। সূত্র: মেহর নিউজ এজেন্সি

AS
আরও পড়ুন