সমুদ্রপথে তাজিকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় ইরান

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৬:১০ পিএম

রেল, সড়ক, আকাশপথ, বন্দর ও লজিস্টিকস, পরিবহন খাতের বিভিন্ন ক্ষেত্রে তাজিকিস্তানের সঙ্গে সহযোগিতা দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছে ইরান। একই সঙ্গে তাজিকিস্তানকে সমুদ্রপথে প্রবেশের সুযোগ দিতে চাবাহার বন্দরকে ব্যবহারের প্রস্তাব দিয়েছে তেহরান।

শনিবার (১৪ আগস্ট) তেহরানে তাজিকিস্তানের পরিবহনমন্ত্রী আজিম ইব্রোহিম এবং জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী দালির জুমার সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী ফারজানেহ সাদেক।

বৈঠকে সাদেক বলেন, দুই দেশের মধ্যে রেল, সড়ক, বিমান, বন্দর ও লজিস্টিকস খাতে সহযোগিতার প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। ২০২৫ সালে আগের বছরের তুলনায় ইরান ও তাজিকিস্তানের মধ্যে আন্তর্জাতিক রেলপথে পণ্য পরিবহন বেড়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, এই প্রবৃদ্ধি দুই দেশের সম্পর্কের গভীরতা এবং ইরানের পরিবহন কূটনীতিতে গুরুত্ব দেওয়ার প্রতিফলন।

ইরানের এই মন্ত্রী জানান, চাবাহার-জাহেদান রেলপথ আগামী তিন মাসের মধ্যে চালু হবে। এই রেলপথের রেললাইন বসানোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলেও জানান তিনি।

তাজিকিস্তানের লজিস্টিকস কার্যক্রম সম্প্রসারণে চাবাহার বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন সাদেক। তাঁর মতে, এর মাধ্যমে তাজিকিস্তান উন্মুক্ত সমুদ্রপথে প্রবেশের সুযোগ পাবে। চাবাহার বন্দরে তাজিক বিনিয়োগকে স্বাগত জানাবে ইরান বলেও জানান তিনি।

তেহরানের কাছে অবস্থিত আপরিন ড্রাই পোর্টকেও দুই দেশের সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরেন সাদেক। এ বন্দর পরিদর্শনে তাজিক কর্মকর্তাদের আমন্ত্রণ জানান তিনি। একই সঙ্গে আপরিন ও ইরানের অন্যান্য বন্দরে যৌথভাবে তাজিক বিনিয়োগের প্রস্তাব দেন।

দুই দেশের মধ্যে সড়কপথে পণ্য পরিবহনের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আহ্বানও জানান ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী। পাশাপাশি ইরান-আফগানিস্তান-তাজিকিস্তান-চীন করিডর নিয়ে বহুপক্ষীয় আলোচনাকে স্বাগত জানান তিনি।

বিমান যোগাযোগ বাড়ানো, পর্যটন সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে পারস্পরিক ছাড়ের সম্ভাবনা যাচাইয়ের ওপরও জোর দেন সাদেক। এ বিষয়ে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার কথা জানান তিনি।

বৈঠক শেষে রেল, সড়ক, বিমান, বন্দর ও লজিস্টিকস খাতের সব প্রস্তাব দ্রুত লিখিত আকারে জমা দিয়ে একটি যৌথ নথিতে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন ইরানের মন্ত্রী। সূত্র: ডন

AS
আরও পড়ুন