আত্মরক্ষামূলক থেকে আক্রমণাত্মক কৌশলের দিকে ইরান

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর একজন জ্যেষ্ঠ কমান্ডার সতর্ক করে জানিয়েছেন, দেশটির সামরিক নীতি প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে মোড় নিতে যাচ্ছে। একই সঙ্গে শত্রুপক্ষকে যেকোনো মুহূর্তে ‘কৌশলগত চমক’ বা বড় ধরনের আঘাতের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আইআরজিসি-এর ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, এই পরিবর্তন কৌশলগত সামরিক নীতির একটি বড় ধরনের রূপান্তর। এটি ইরানের প্রতিপক্ষদের জন্য একটি স্পষ্ট বার্তা যে, আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলা ও তা ছাড়িয়ে যেতে ইরানের কৌশল নতুনভাবে তৈরি হচ্ছে।

তিনি আরও জানান, নবনিযুক্ত চিফ-ইন-কমান্ডার মেজর জেনারেল আহমেদ ওয়াহিদিকে ‘সর্বোচ্চ প্রতিরোধ’ গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই কৌশলের আওতায়, শত্রুর হুমকি থেকে রক্ষা পেতে নেওয়া যেকোনো আত্মরক্ষামূলক পদক্ষেপই স্বয়ংক্রিয়ভাবে আক্রমণাত্মক রূপ নেবে, যাতে হুমকি তৈরি হওয়ার আগেই তা নস্যাৎ করে দেওয়া যায়।

জাভানি জোর দিয়ে বলেন, শত্রুদের জানা উচিত- তারা কোনোভাবেই আমাদের অপ্রস্তুত বা অসতর্ক অবস্থায় পাবে না। বরং তাদের নিজেদেরই কৌশলগত চমকের জন্য অপেক্ষা করা উচিত।

তিনি আরও যোগ করেন, দেশ রক্ষা, সার্বিক নিরাপত্তা সুসংহত করা এবং শত্রুর যেকোনো চক্রান্ত ভণ্ডুল করতে যা যা প্রয়োজন, সঠিক সময়ে ঠিক সেটাই করা হবে। সূত্র: আল-জাজিরা