'ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাস পরাস্ত হবে'

মার্কিন অর্থনৈতিক অবরোধ ও চাপও ইরানি জনগণের প্রতিরোধের কাছে পরাজিত হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ মোখবের।

পবিত্র নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি ইরানি জাতিকে অভিনন্দন জানান। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত বৈরিতা ও অর্থনৈতিক অবরোধের সমালোচনা করেন।

মোখবের বলেন, ইসলামের শুরুর সময়ের মতো বর্তমান ইরানও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে প্রতিরোধের মাধ্যমে ইরানি মুসলিম জাতি মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসনের আরোপ করা অর্থনৈতিক অবরোধ মোকাবিলা করে বিজয়ী হবে।

তিনি বলেন, ইসলামের প্রাথমিক যুগে মুসলিমরা যেমন নানা প্রতিকূলতার মধ্যেও দৃঢ়তা ধরে রেখেছিলেন, তেমনি ইরানের জনগণও বর্তমান অর্থনৈতিক চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

সর্বোচ্চ নেতার সঠিক দিকনির্দেশনা ও নেতৃত্বে ইরানি জাতি সামরিক ক্ষেত্রের মতো অর্থনৈতিক লড়াইয়েও বিজয়ী হয়ে বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোখবের। সূত্র: মেহর নিউজ এজেন্সি