মিনাব স্কুলে হামলা, ক্ষমা করবে না ইরান: আরাঘচি

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম

ইরানের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত ১৬৮ শিক্ষার্থী ও শিক্ষককে স্মরণ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ওই হামলা ইরান কখনো ভুলবে না এবং ক্ষমাও করবে না।

শনিবার (২৯ আগস্ট) মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ স্কুলে মার্কিন হামলা নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন আরাঘচি। তিনি বলেন, হামলায় নিহত শিক্ষার্থীরা একটি মহাকাব্যিক অধ্যায়ের প্রতীক হয়ে উঠেছে।

আরাঘচি বলেন, পশ্চিমা দেশগুলো যদি মানবাধিকার দেখতে, বুঝতে এবং সমর্থন করতে চায়, তাহলে তাদের মিনাবে আসা উচিত। তাঁর ভাষায়, মানবাধিকার এখানেই রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিনাবের ওই ঘটনা কখনো বিস্মৃত হবে না এবং এ ঘটনার জন্য কোনো ক্ষমাও করা হবে না। একই সঙ্গে বিদেশেও এই প্রদর্শনী আয়োজন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ স্কুলে হামলায় ১৬৮ শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান শুরুর সময় ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে তেহরান।

মিনাবের স্কুলে হামলায় নিহতদের স্মরণে আয়োজিত প্রদর্শনীতে ঘটনাটিকে তুলে ধরার পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্তদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আরাঘচির বক্তব্যে এ ঘটনাকে মানবাধিকার ইস্যু হিসেবে আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরারও ইঙ্গিত পাওয়া গেছে।

তিনি বলেন, মিনাবের স্কুলে নিহত শিক্ষার্থীদের আত্মত্যাগ ইরানের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘটনাটির বাস্তবতা উপলব্ধি করার আহ্বান জানান তিনি। সূত্র: ডন

এএস
আরও পড়ুন