জাবালিয়ায় হামলায় ২ হামাস সদস্য নিহত, দাবি ইসরায়েলের

গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় শনিবারের হামলায় হামাসের সামরিক শাখার দুই সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহতদের একজনকে নুখবা বাহিনীর কমান্ডার এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় অংশ নেওয়া ব্যক্তি হিসেবে দাবি করেছে তারা।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের একজন আবদ আল-ফাত্তাহ আবু আল-আইশ। তিনি হামাসের সামরিক শাখার এলিট নুখবা বাহিনীর একজন কমান্ডার ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় তিনি দেশটিতে প্রবেশ করেছিলেন বলেও দাবি করা হয়েছে।

একই হামলায় হামাসের সামরিক শাখার আরেক সদস্য রায়েদ আদেল মোহাম্মদ আলিয়ান নিহত হয়েছেন বলেও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

বিবৃতিতে আরও দাবি করা হয়, নিহত দুই ব্যক্তি ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিলেন। পাশাপাশি তারা ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছিলেন বলেও অভিযোগ করেছে ইসরায়েলি বাহিনী।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর এসব দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।