যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম বিশ্বের ’প্রতিশ্রুতিবদ্ধ’ শত্রু : মোজতবা খামেনি

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০১:১৫ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মুসলিম দেশগুলোর শাসকদের তথাকথিত ‘প্রকৃত শত্রু’ চিহ্নিত করে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম বিশ্বের ঐক্যের ‘শপথবদ্ধ শত্রু’।

রোববার (৩০ আগস্ট) ‘ইসলামিক ইউনিটি উইক’ উপলক্ষে দেওয়া এক বার্তায় খামেনি বলেন, বিশেষ করে পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলোর শাসকদের উচিত ‘প্রকৃত শত্রুকে চিহ্নিত করা, তাদের পরিকল্পনা বোঝা এবং এর মোকাবিলা করা।’ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাঁর বক্তব্য প্রকাশ করেছে।

খামেনি বলেন, কাঙ্ক্ষিত ও প্রভাবশালী ইসলামী সভ্যতা প্রতিষ্ঠার জন্য মুসলিমদের মধ্যে ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিমদের ঐক্য ও পারস্পরিক বন্ধুত্বের ‘শপথবদ্ধ শত্রু’। তারা শুধু ইরানের নয়, পুরো মুসলিম বিশ্বের বিরোধী বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর তেহরান পাল্টা হামলা চালায়। এসব হামলার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা।

পরবর্তী সময়ে এপ্রিল মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর জুনে দুই দেশ সামরিক সংঘাতের অবসান এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করে।

তবে গত মাসে সেই সমঝোতা ভেঙে যায়। এরপর প্রায় দুই সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। পরে সম্ভাব্য আলোচনা ও সংঘাত নিরসনের উদ্যোগের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বোমাবর্ষণ বন্ধের ঘোষণা দেন।

খামেনির সর্বশেষ বক্তব্যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ইরানের অবস্থান আবারও স্পষ্ট হয়ে উঠেছে।

এমএজেড
আরও পড়ুন