হরমুজে আরব আমিরাতের তিন ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সময়ে আঘাতের শিকার তিনটি ট্যাংকার আগেই নিয়ম না মানা জাহাজের তালিকায় ছিল বলে জানিয়েছে ইরানের পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তিনটি ট্যাংকারই সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন অথবা আমিরাতের কোনো প্রতিষ্ঠানের ভাড়া করা ছিল।

পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষের তথ্যমতে, আল রুয়াইস, সিনবাদ ও মারসিন প্রসপারিটি নামের তিনটি ট্যাংকার গত দুই মাসে একাধিকবার হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করেছিল। পরবর্তী যাচাইয়ে দেখা যায়, তিনটি জাহাজের নামই কর্তৃপক্ষের সর্বশেষ নিয়ম না মানা জাহাজের তালিকায় রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, এই তালিকায় এমন সব জাহাজের নাম অন্তর্ভুক্ত করা হয়, যেগুলোর অবস্থা বা চলাচলের পদ্ধতি কৌশলগত এই নৌপথ দিয়ে নিরাপদ ও অনুমোদিত চলাচলের জন্য নির্ধারিত শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালিতে বেশ কয়েকটি ট্যাংকার আঘাতের শিকার হয়েছে। এর মধ্যে সর্বশেষ তিনটি জাহাজই আমিরাতের মালিকানাধীন বা আমিরাতের পক্ষের ভাড়া করা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যেই একটি অতিবৃহৎ তেলবাহী ট্যাংকারে আঘাতের পর আগুন ধরে যাওয়ার খবরও প্রকাশিত হয়েছে।

জাহাজমালিক ও ভাড়াকারীদের বারবার সতর্ক করে দিয়ে কর্তৃপক্ষ বলেছে, অনুমোদনহীন পথে জাহাজ চলাচলে বাধ্য করলে জাহাজ, মালিক, অধিনায়ক ও নাবিকদের আর্থিক ও মানবিক ক্ষতির ঝুঁকি তৈরি হয়। একই সঙ্গে ভবিষ্যতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রেও গুরুতর বিধিনিষেধ আরোপ হতে পারে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যেসব ভাড়াকারী প্রতিষ্ঠান জাহাজকে অবৈধভাবে প্রণালি অতিক্রমে চাপ দেয়, তাদেরও নিয়ম না মানা প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত করা হতে পারে। এ ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজের হরমুজ প্রণালি দিয়ে চলাচল সীমিত করার সুযোগ থাকবে।

নিয়ম না মানা জাহাজের ক্ষেত্রে ভবিষ্যৎ চলাচলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এর মধ্যে জরিমানা, জাহাজ আটক বা জব্দ করার মতো ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া বীমা প্রতিষ্ঠান, জাহাজমালিকদের দায়বদ্ধতা ও ক্ষতিপূরণ সংস্থা এবং জাহাজের শ্রেণিবিন্যাসকারী প্রতিষ্ঠানগুলোকেও নিয়ম না মানা জাহাজের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম চালানোর বিষয়ে সতর্ক করা হয়েছে। এসব জাহাজের সঙ্গে লেনদেন অব্যাহত রাখলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। সূত্র: মেহর নিউজ এজেন্সি