এক সপ্তাহে ইরানকে ধসিয়ে দেওয়ার হিসাব ভুল ছিলো: আইআরজিসি

সামরিক হামলা, নিষেধাজ্ঞা, অস্থিরতা সৃষ্টি এবং ইরানি কর্মকর্তাদের হত্যার মাধ্যমে এক সপ্তাহের মধ্যে ইরানকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করে শত্রুপক্ষ বড় ধরনের ভুল হিসাব করেছে বলে মন্তব্য করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর রাজনৈতিক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি।

মঙ্গলবার (০৬ অক্টোবর) রাতে হরমুজগান প্রদেশে স্কুল ব্যবস্থাপকদের জন্য আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। জাভানি বলেন, শত্রুপক্ষ ধারণা করেছিল, ইরানের শীর্ষ নেতা ও সামরিক কমান্ডারদের হত্যা করা হলে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা এবং সরকারের দৃঢ়তা ভেঙে পড়বে।

তার ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা, নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অস্থিরতা এবং কর্মকর্তাদের হত্যার মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল দেশটিতে একটি ক্ষমতার শূন্যতা তৈরি করার উদ্দেশ্যে। এর মাধ্যমে দ্রুত রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে বলেও শত্রুপক্ষ ধারণা করেছিল।

তবে প্রতিবারই সেই পরিকল্পনা জাতীয় ঐক্য ও জনগণের সতর্কতার দৃঢ় দেয়ালে বাধাগ্রস্ত হয়েছে বলে দাবি করেন জাভানি। তিনি বলেন, নেতৃত্ব ও কমান্ড কাঠামোয় আঘাত হানলেও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং সরকারের সংকল্প ভেঙে পড়েনি।

জাভানির মতে, ইরানের জনগণের ঐক্য এবং সতর্কতা শত্রুপক্ষের হিসাবকে ব্যর্থ করে দিয়েছে। তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের পরও দেশটির রাষ্ট্রীয় কাঠামো ও প্রতিরোধ সক্ষমতা অটুট থাকার দাবি উঠে আসে। সূত্র: ডন