যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের মুখে ইরানের অর্থনীতি ভেঙে পড়বে না বলে আশ্বস্ত করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি। তার দাবি, ভয়াবহ মাত্রার মূল্যস্ফীতি সৃষ্টির মাধ্যমে ইরানের অর্থনীতিকে বিপর্যস্ত করার যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রতিহত করতে সক্ষম হয়েছে তেহরান।
টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে হেম্মাতি ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি স্বীকার করেন, অর্থনৈতিক চাপের কারণে সাধারণ মানুষ প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। তবে তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পিত অর্থনৈতিক চাপ থেকে তৈরি সবচেয়ে গুরুতর হুমকিগুলো ইরান মোকাবিলা করতে সক্ষম হয়েছে।
হেম্মাতি বলেন, মার্কিন অর্থনৈতিক যুদ্ধের চাপ ইরানের জনগণ অনুভব করলেও জাতীয় অর্থনীতি ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তার দাবি, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানে ভয়াবহ মাত্রার মূল্যস্ফীতি তৈরি করে অর্থনীতিকে বিপর্যস্ত করা। কিন্তু সেই লক্ষ্য সফল হয়নি।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক চাপ ও জনগণের দৈনন্দিন সমস্যাগুলো সম্পর্কে কর্তৃপক্ষ অবগত রয়েছে। একই সঙ্গে তিনি অর্থনীতির স্থিতিস্থাপকতার ওপর আস্থা প্রকাশ করে বলেন, ইরান এই চাপ মোকাবিলা করে এগিয়ে যেতে সক্ষম।
হেম্মাতির বক্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর কথা বলছে এবং ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের অর্থনীতি নিয়ে তীব্র নেতিবাচক মূল্যায়ন দেওয়া হচ্ছে। এর বিপরীতে তেহরান বলছে, এসব চাপের মধ্যেও দেশটির অর্থনীতি টিকে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লক্ষ্যগুলো অর্জিত হয়নি। সূত্র: ডন
ইয়েমেনে ‘ডন অব ইয়েমেন’ অভিযান অব্যাহত
হরমুজে পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে ইরান: রুবিও
মার্কিন অর্থনীতির সামনে ভয়াবহ বিপদ: গালিবাফ