বাব আল-মান্দেবের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো ইয়েমেনি বাহিনী

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। টানা কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের হটিয়ে প্রণালিটির পাশাপাশি কৌশলগত পেরিম দ্বীপও পুনর্দখল করেছে তারা। এর মধ্য দিয়ে এক মাস আগে হুথিদের দখলে যাওয়া গুরুত্বপূর্ণ নৌপথটি আবারও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (৯ অক্টোবর) ইয়েমেনি বাহিনীর একটি সূত্র জানায়, বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিতে গিয়ে হুথিদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হয়েছে সরকারি সেনাদের। প্রণালিটি পুনর্দখলের অভিযানের সময় হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে সেনাদের অগ্রযাত্রা থামানোর চেষ্টা করে। তবে এসব হামলা প্রতিহত করে ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় অভিযান অব্যাহত রাখে সরকারি বাহিনী।

এর আগে গত মাসে আকস্মিক অভিযান চালিয়ে বাব আল-মান্দেব প্রণালি ও পেরিম দ্বীপ দখল করেছিল হুথিরা। প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর সৌদি আরবের ওপর নৌ-অবরোধও আরোপ করেছিল তারা। চলমান অভিযানে ধুরাব এলাকার কাছে হুথিদের একাধিক যোদ্ধাকে আটক করেছে সরকারি বাহিনী।

গত সপ্তাহে ইয়েমেনের পূর্বাঞ্চলীয় উপকূলে অভিযান শুরু করে সরকারি বাহিনী। বাব আল-মান্দেব প্রণালি নিয়ন্ত্রণে সহায়ক গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনর্দখল করাই ছিল অভিযানের লক্ষ্য। কৌশলগত অবস্থানের কারণে এই প্রণালির নিয়ন্ত্রণ আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাব আল-মান্দেব লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, যা ভারত মহাসাগরীয় অঞ্চলের সামুদ্রিক যোগাযোগেরও গুরুত্বপূর্ণ পথ। প্রণালিটির প্রবেশমুখে অবস্থিত পেরিম দ্বীপ নিয়ন্ত্রণে থাকলে এই নৌপথে চলাচলের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ হয়।