ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪১

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের চালানো বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু ও সাতজন নারী রয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ২৮ জন। শুক্রবার (২০ নভেম্বর) হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম আল-মাসিরা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-মাসিরা জানায়, আহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। তবে হামলাগুলো ইয়েমেনের ঠিক কোন কোন এলাকায় চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। হতাহতদের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রবন্দরে হামলার দাবি করেছে হুতিরা।
শুক্রবার এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, জাজান অঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র এবং জাজান বন্দরে হামলা চালানো হয়েছে। এতে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানা হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এসব দাবিরও স্বাধীন কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশের বিদ্যুৎকেন্দ্র, লোহিত সাগর উপকূলের মোখা শহর এবং হোদেইদা বন্দরে সৌদি হামলার জবাবে এসব আক্রমণ চালানো হয়েছে। ভবিষ্যতে ইয়েমেনের বন্দর কিংবা বিদ্যুৎ অবকাঠামোয় হামলা হলে সৌদি আরবের একই ধরনের স্থাপনায় তাৎক্ষণিক পাল্টা আঘাত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, জাজানকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানায় জোটটি। তবে হতাহত কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে সংঘাত আরও তীব্র হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি বিমানবন্দর, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুতিরা। অন্যদিকে, ইয়েমেনের আবাসিক এলাকা ও অবকাঠামোয় সৌদি বিমান হামলা বেড়েছে বলে দাবি করছে হুতিপন্থী সংবাদমাধ্যমগুলো।

উল্লেখ্য, ২০১৪ সালের শেষ দিকে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির উত্তরাঞ্চলের বড় অংশ দখল করে নেওয়ার পর থেকে দেশটিতে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

সূত্র: সিনহুয়া

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত