যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন ও যুদ্ধংদেহী কর্মকাণ্ডে আঞ্চলিক প্রতিবেশব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর মতে, যুদ্ধের ধ্বংসযজ্ঞ শুধু মানুষের জীবন ও অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বনভূমি, জলাভূমি, মাটি, পানি ও বন্য প্রাণীর আবাসস্থলও এর শিকার হয়। এই পরিবেশগত বিপর্যয়কে ‘ইকোসাইড’ বা প্রকৃতির বিরুদ্ধে গণহত্যা হিসেবে অভিহিত করে এর নিন্দা জানান তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে জীববৈচিত্র্যবিষয়ক জাতিসংঘের কনভেনশন অব পার্টিজের ১৭তম সম্মেলনে (কপ-১৭) দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানি জাতির বিরুদ্ধে বিনা উসকানিতে আগ্রাসী যুদ্ধ চালিয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে পুরো অঞ্চলের প্রতিবেশব্যবস্থায়।
পেজেশকিয়ান বলেন, যুদ্ধের কারণে সৃষ্ট পরিবেশগত ক্ষতি কোনো দেশের সীমানার মধ্যে আটকে থাকে না। সামরিক হামলায় বন পুড়ে যায়, জলাভূমি ক্ষতিগ্রস্ত হয়, মাটি ও পানি দূষিত হয় এবং বন্য প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে দূষণকারী পদার্থ ও ভারী ধাতু ছড়িয়ে পড়ে। যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পরও এসব ক্ষতির প্রভাব থেকে যেতে পারে, যা ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও জীবনযাত্রাকে বিপন্ন করে।
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রসঙ্গ তুলে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘গাজা প্রকৃতির বিরুদ্ধে গণহত্যার এক স্পষ্ট দৃষ্টান্ত। সেখানকার ধ্বংসযজ্ঞের ভয়াবহ প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে।’ তিনি সতর্ক করে বলেন, গাজার মাটি ও প্রতিবেশব্যবস্থার ক্ষতি দীর্ঘস্থায়ী হতে পারে। যুদ্ধের পরিবেশগত বিপর্যয়কে তাই আন্তর্জাতিকভাবে নিন্দা জানানো প্রয়োজন।
পেজেশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অঞ্চলে সামরিক অভিযান চালিয়ে শিল্প ও জ্বালানি স্থাপনার ক্ষতি, অগ্নিকাণ্ড এবং দূষণসহ নানা ধরনের পরিবেশগত বিপর্যয় ঘটাচ্ছে। পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবকাঠামোও এসব কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, রাজনৈতিক সীমান্ত পরিবেশগত ক্ষতির বিস্তার ঠেকাতে পারে না। এ কারণে এ ধরনের বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন।
যুদ্ধের কারণে সৃষ্ট পরিবেশগত ক্ষয়ক্ষতি নিরূপণ, ক্ষতিগ্রস্ত প্রতিবেশব্যবস্থা পুনরুদ্ধার এবং আক্রান্ত দেশগুলোকে সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান পেজেশকিয়ান। তিনি বলেন, জাতিসংঘের সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং পরিবেশ ও টেকসই উন্নয়নবিষয়ক সংস্থাগুলোকে এ ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
ইরানের প্রেসিডেন্টের মতে, সামরিক সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পরিবেশ পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে। নিষেধাজ্ঞা কিংবা সামরিক আগ্রাসনের শিকার দেশগুলোর ওপর এসব সংকটের পুরো আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়। যেসব যুদ্ধ তারা শুরু করেনি, সেসব যুদ্ধের পরিবেশগত ক্ষতির দায়ও তাদের এককভাবে বহন করতে বাধ্য করা অন্যায্য।
তিনি সতর্ক করে বলেন, পর্যাপ্ত অর্থায়ন, আধুনিক প্রযুক্তিতে ন্যায়সংগত প্রবেশাধিকার, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ নিশ্চিত করা না গেলে জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক লক্ষ্যগুলো কেবল ঘোষণা ও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
বক্তব্যে ইরানের বৈচিত্র্যময় প্রাকৃতিক সম্পদের কথাও তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি বলেন, হিরকানিয়া ও আরাসবারানের বনভূমি, জাগরোস পর্বতমালা, মরুভূমি এবং পারস্য উপসাগর, ওমান সাগর ও কাস্পিয়ান সাগরের উপকূলজুড়ে বিস্তৃত ইরানের প্রতিবেশব্যবস্থা দেশটির প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। লাখ লাখ বছরের বিবর্তনের মধ্য দিয়ে গড়ে ওঠা এসব প্রাকৃতিক সম্পদ দেশের সহনশীলতা ও টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করছে।
তিনি জানান, ইরান ইতোমধ্যে জাতীয় জীববৈচিত্র্য কৌশল ও কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং পরিবেশ অধিদপ্তরকে এ কার্যক্রমের জাতীয় সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দিয়েছে। বিপন্ন প্রজাতির সুরক্ষা, সংরক্ষিত এলাকার বিস্তার, গুরুত্বপূর্ণ প্রজাতির ওপর নজরদারি এবং বন্য প্রাণীর পুনর্বাসনকেন্দ্র গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী, ইরানে সংরক্ষিত এলাকার পরিমাণ ২৮ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২৫টি মেরুদণ্ডী প্রাণীর প্রজাতির জন্য কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এশীয় চিতা ও পারস্য পতিত হরিণের মতো প্রজাতি সংরক্ষণেও জাতীয় পর্যায়ে বিশেষ কর্মদল গঠন করা হয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, খরা, পানির সংকট ও মরুকরণের মতো চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি অনেক উন্নয়নশীল দেশ অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অর্থায়ন ও প্রযুক্তির সীমিত সুযোগের কারণে পরিবেশ রক্ষার কার্যক্রম এগিয়ে নিতে সমস্যায় পড়ছে। এসব দেশের জন্য ন্যায়সংগত অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা জরুরি।
পেজেশকিয়ান জীববৈচিত্র্য সংরক্ষণকে শান্তি প্রতিষ্ঠার কূটনীতির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে তুলে ধরেন। তাঁর মতে, নিরাপত্তা সংকট, জলবায়ু পরিবর্তন, পানির সংকট ও প্রতিবেশব্যবস্থার অবক্ষয়ে জর্জরিত অঞ্চলে পরিবেশগত সহযোগিতা দেশগুলোর মধ্যে দূরত্ব কমাতে পারে। প্রকৃতি রক্ষায় যৌথ উদ্যোগ পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথও সুগম করতে পারে।
তিনি বলেন, প্রকৃতিকে যুদ্ধের নীরব ও আত্মরক্ষায় অক্ষম শিকারে পরিণত হতে দেওয়া উচিত নয়। পরিবেশগত ক্ষয়ক্ষতি নিরূপণ, ক্ষতিগ্রস্ত প্রতিবেশব্যবস্থা পুনরুদ্ধার এবং আক্রান্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তব্যের শেষাংশে পেজেশকিয়ান জীববৈচিত্র্য সংরক্ষণে অন্যান্য দেশের সঙ্গে বৈজ্ঞানিক দক্ষতা, শিক্ষাগত সক্ষমতা ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য ইরানের প্রস্তুতির কথা জানান। তাঁর মতে, প্রকৃতির সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা গেলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ পরিবেশ এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি