নির্বাচনে নেতানিয়াহু ভালো করছেন: ট্রাম্প

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভালো করছেন বলে শুনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট গণনা চলার মধ্যে বুধবার (২৮ অক্টোবর) তিনি বলেন, নির্বাচনে নেতানিয়াহুর ফল প্রত্যাশার চেয়ে ভালো হতে পারে। তবে চূড়ান্ত ফল এখনো স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তখনো তার কথা হয়নি। তবে তিনি শুনেছেন, নেতানিয়াহু বেশ ভালো করেছেন এবং প্রতিদ্বন্দ্বিতা বেশ হাড্ডাহাড্ডি।

ইসরায়েলের ভোটকেন্দ্রগুলো খোলার এক সপ্তাহের কিছু বেশি সময় আগে নেতানিয়াহুর প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি নেতানিয়াহুকে মহান যোদ্ধা প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেন এবং তাকে পূর্ণ সমর্থন জানান।

এদিকে, নির্বাচনের প্রাথমিক বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, পার্লামেন্টে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। তবে বিরোধী পক্ষের তুলনায় আসনসংখ্যায় সামান্য এগিয়ে রয়েছে তার জোট। ট্রাম্প অবশ্য এসব জরিপের ফল ভুলও হতে পারে বলে ইঙ্গিত দেন।

সাংবাদিকদের তিনি বলেন, নেতানিয়াহু হয়তো এগিয়ে আছেন, অথবা দুই পক্ষের অবস্থান সমান। বিষয়টি বোঝার জন্য এখনো কিছুটা সময় প্রয়োজন। ইসরায়েলের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের কাছ থেকে তিনি শুনেছেন, নেতানিয়াহু অনেকের ধারণার চেয়ে ভালো করেছেন।

চূড়ান্ত ফলাফল অচলাবস্থা কিংবা নেতানিয়াহুর জয়, যেকোনো পরিস্থিতি তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তবে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি। সূত্র: সিএনএন