নেতানিয়াহুকে ঠেকাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান বিরোধীদের

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে ৬৫ আসনের সংখ্যাগরিষ্ঠতা গঠনের আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। তার দাবি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট নির্বাচনে হেরেছে। আরব দলগুলোর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে নতুন সরকার গঠনের সুযোগ তৈরি হয়েছে বিরোধীদের সামনে।

বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গোলান বলেন, নেতানিয়াহু হেরেছেন। তার ভাষায়, আসনসংখ্যার হিসাবেই বিষয়টি স্পষ্ট, ৬৫ আসন ৫৫ আসনের চেয়ে বেশি। ইসরায়েলের গণতন্ত্র এভাবেই কাজ করে বলে মন্তব্য করেন তিনি।

গোলান বলেন, বিরোধীদের হাতে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং সেই সঙ্গে দায়িত্বও রয়েছে। ইসরায়েলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরিবর্তনের সরকার গঠনের সুযোগ কাজে লাগাতে হবে। তার মতে, এমন সরকার ইসরায়েলের সব নাগরিকের স্বার্থে কাজ করবে।

নেতানিয়াহু যদি জায়নবাদী জোট গঠনের কথা বিবেচনা করেন, তাহলে তার নিজের জোট থেকে অ-জায়নবাদী অতি-ধর্মীয় দলগুলোর ১৬ জন আইনপ্রণেতাকে বাদ দেওয়ার কথা বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন গোলান।

ডেমোক্র্যাটস পার্টির আইনপ্রণেতা গিলাদ কারিভও নির্বাচনের পর ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে বলে মন্তব্য করেছেন। তিনি বিরোধী জোটকে আরব দলগুলোর সঙ্গে কাজ করার আহ্বান জানান। কারিভের মতে, কট্টর ডানপন্থী জোট উল্লেখযোগ্যসংখ্যক আসন হারিয়েছে এবং আগের মতো জোট গঠন করে সরকার পরিচালনা করা তাদের পক্ষে কঠিন হতে পারে।

কারিভ আরও বলেন, উদারপন্থী ইহুদি ও আরব উভয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্বে বিরোধী শিবির শক্তিশালী হয়েছে। তার দাবি, লাখ লাখ ভোটের ব্যবধানে ইসরায়েলের উল্লেখযোগ্যসংখ্যক ভোটার নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে জনগণ বিরোধীদের একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছে বলেও মন্তব্য করেন তিনি।

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির পূর্বাভাস অনুযায়ী, আরব দল জয়েন্ট লিস্ট ১২টি এবং রা’আম ছয়টি আসন পেতে পারে। অন্যদিকে ইয়াশার, বি’ইয়াখাদ, ইসরায়েল বেইতেনু ও ডেমোক্র্যাটস, এই চার দল নিয়ে গঠিত বিরোধী জোটের আসনসংখ্যা হতে পারে ৪৭। গোলানের ডেমোক্র্যাটস পার্টি একাই পেতে পারে নয়টি আসন।

এই হিসাব অনুযায়ী, আরব দলগুলোর সম্ভাব্য আসন বিরোধী জোটের সঙ্গে যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়াবে ৬৫। ফলে সরকার গঠনের সমীকরণে আরব দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে বিরোধী দলগুলো শেষ পর্যন্ত কীভাবে জোট গঠন করবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা প্রতিবেদনে জানানো হয়নি। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

এএস
আরও পড়ুন