ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলমান যুদ্ধ-শান্তির মধ্যবর্তী পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইরানি কর্মকর্তাদের নির্ধারিত শর্ত পূরণের লক্ষ্যে সরকার সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে পেজেশকিয়ান সর্বোচ্চ নেতার সাম্প্রতিক নির্দেশনার প্রসঙ্গ তুলে ধরেন। ওই নির্দেশনায় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাইকে ইরানি কর্মকর্তাদের নির্ধারিত শর্ত পূরণের উদ্যোগ এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। এসব শর্ত পূরণের মাধ্যমে দেশটির বর্তমান ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পেজেশকিয়ান নির্দেশনাটিকে গুরুত্বপূর্ণ বার্তাবাহী হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, এতে দেশের ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে দিকনির্দেশনা রয়েছে। নির্ধারিত লক্ষ্য ও পদক্ষেপ বাস্তবায়নে সরকারের সব বিভাগ পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করবে বলেও জানান তিনি।
পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তুত থাকার ওপরও গুরুত্ব দেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবস্থাপনা জোরদার ও ব্যয় কমানোর বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে সব মন্ত্রী, সরকারি প্রতিষ্ঠানের প্রধান এবং তাদের উপপ্রধানদের পূর্ণ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেন তিনি।
পেজেশকিয়ান আরও বলেন, যেকোনো হুমকি, নিষেধাজ্ঞা ও বাইরের চাপের মুখে ইরান শক্তি ও ঐক্য নিয়ে অটল থাকবে। চাপ ও হুমকি বাড়িয়ে ইরানি জনগণের মনোবল দুর্বল করা কিংবা দেশকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে, এমন ধারণা শত্রুদের করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাইর সঙ্গে বৈঠক করেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ওই বৈঠকে তিনি কাউন্সিল ও এর সচিবালয়কে দেশের নীতিনির্ধারণী কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বর্ণনা করেন।
বৈঠকে জাতীয় ঐক্য, জনগণ ও কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক আস্থা এবং প্রেসিডেন্ট ও নির্বাহী বিভাগকে সমস্যা সমাধানে সহায়তা করতে সংবিধানপ্রদত্ত ক্ষমতা ব্যবহারের ওপর গুরুত্ব দেন সর্বোচ্চ নেতা। পাশাপাশি জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষার আহ্বান জানান তিনি। যুদ্ধ অবসানে ইরানি কর্মকর্তাদের নির্ধারিত শর্ত পূরণ এবং বর্তমান ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান ঘটানোর বিষয়েও নির্দেশনা দেন মোজতবা খামেনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি