ইসরায়েলে নতুন করে নির্বাচন এড়াতে রাজনৈতিক দলগুলোকে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। সাম্প্রতিক নির্বাচনের পর কোনো জোটের পক্ষেই সরকার গঠনের স্পষ্ট পথ তৈরি না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) জেরুজালেমে প্রেসিডেন্টের বাসভবনে এক অনুষ্ঠানে হারজোগ বলেন, গতকালের নির্বাচনের পর নতুন করে আরেক দফা নির্বাচন এড়াতে সব পক্ষকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। সরকার গঠন নিয়ে আলোচনায় অংশ নিতে আসা প্রত্যেকের কাছ থেকে তিনি খোলা মন ও সমঝোতার মানসিকতা আশা করছেন।
হারজোগ জানান, আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সলবার্গের কাছ থেকে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল গ্রহণ করবেন তিনি। এরপর নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে নেসেটের প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ শুরু করবেন।
নির্বাচনে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় ইসরায়েলি সমাজের প্রশংসাও করেন প্রেসিডেন্ট। তার মতে, এই উচ্চ ভোটার উপস্থিতি দেশটির গণতন্ত্রের প্রতি মানুষের গভীর আগ্রহের প্রতিফলন এবং ইসরায়েলি সমাজের জন্য গর্বের বিষয়। সূত্র: টাইমস অব ইসরায়েল