যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ডেমোক্র্যাট ও রিপাবলিকান, উভয় দলের কাছেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষতিকর ভাবমূর্তি স্পষ্ট করেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। তাঁর সতর্কবার্তা, নেতানিয়াহু ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ক্ষমতায় থাকলে ইসরায়েল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিচ্ছিন্নতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গোলান বলেন, বিশ্বে ইসরায়েলের অবস্থান পুনরুদ্ধারের জন্য সামনে দুটি পথ রয়েছে। একদিকে নেতানিয়াহুর ইসরায়েল, যা বয়কটের শিকার, পশ্চাৎমুখী ও বিচ্ছিন্ন একটি ‘সুপার-স্পার্টা’ রাষ্ট্রে পরিণত হবে। অন্যদিকে রয়েছে শক্তিশালী, প্রগতিশীল, স্বাধীন ও নিরাপদ ইসরায়েল। গোলান আরও বলেন, নেতানিয়াহু নির্বাচনে হেরেছেন। তিনি ইসরায়েলের জন্য বিপজ্জনক।
গত সপ্তাহে অনুষ্ঠিত ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রধান ইহুদিনেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিল। গোলানের দল ওই জোটের চারটি দলের একটি। নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, আরব নেতৃত্বাধীন দুটি দল পেয়েছে রেকর্ড ১৯টি আসন।
বুধবার (৪ নভেম্বর) ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন ২৭ অক্টোবরের নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। ভোটে জালিয়াতির কোনো প্রমাণ না পাওয়ায় ফলাফল নিয়ে নেতানিয়াহুর প্রশ্ন তোলার প্রচেষ্টা ধাক্কা খেয়েছে। এখন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ দুই দিন ধরে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে পরামর্শ করবেন। এরপর জোট সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, এমন প্রার্থীকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য বেছে নেবেন। সূত্র: আলজাজিরা