ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সর্বাধিনায়কের উপদেষ্টা গ্রুপের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি দাবি করেছেন, সাম্প্রতিক যুদ্ধগুলোতে ইরানি সশস্ত্র বাহিনীর দ্রুত জবাবের মুখে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও নৌ-সম্পদকে ইরানের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে সরে যেতে হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দেওয়া বক্তব্যে ফাদাভি বলেন, মার্কিন বাহিনী যখনই এই অঞ্চলের কাছে আসার চেষ্টা করেছে, তখনই ইরানের সামরিক জবাবের মুখে পড়েছে।
তাঁর ভাষ্য, ইসরায়েলের পাশাপাশি ওয়াশিংটনও ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছিল। তাদের ধারণা ছিল, অল্প সময়েই ইসলামি প্রজাতন্ত্রকে পরাস্ত করা যাবে। কিন্তু লক্ষ্য অর্জনে তারা ব্যর্থ হয়েছে।
সংঘাতের অর্থনৈতিক ও রাজনৈতিক দিকের কথাও তুলে ধরেন এই আইআরজিসি জেনারেল। তিনি বলেন, ইরানের ওপর সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কষ্ট সত্ত্বেও দেশের মানুষ এসব চাপের মুখে অটল থেকেছে। নিজেদের উচ্চ লক্ষ্যের ওপর ভর করেই তারা এটা পেরেছে বলে মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক অঙ্গনের প্রসঙ্গে ফাদাভির দাবি, মার্কিন কর্মকর্তারা নিজেরাই প্রকাশ্যে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন।
বাইরের চাপ মোকাবিলায় জাতীয় ঐক্য এবং সশস্ত্র বাহিনীর প্রতি জনসমর্থন অপরিহার্য বলেও জোর দেন তিনি।