ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না ইরান

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা পরমাণু জ্বালানি-উপাদান দেশের বাইরে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব মোহসেন রেজায়ি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান থেকে অনেক দূরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

লেবাননের টেলিভিশন নেটওয়ার্ক আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি এসব কথা বলেন। মঙ্গলবার রাতে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি জানান, ইরান তার রুশ অংশীদারদেরও জানিয়েছে, দেশের সব সমৃদ্ধ পারমাণবিক উপাদান ইরানের ভেতরেই থাকবে এবং অভ্যন্তরীণ কাজে ব্যবহার করা হবে।

রেজায়ি বলেন, পারমাণবিক শক্তিচালিত জাহাজ ও সাবমেরিনের নকশা তৈরির জন্য সমৃদ্ধ পারমাণবিক উপাদান প্রয়োজন।

সাক্ষাৎকারে ইরানের এই নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তার জবাব দেওয়া হবে। এ ক্ষেত্রে ইরান থেকে দূরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও হামলার লক্ষ্য হতে পারে।

এ ছাড়া ইরানের সাইবার যুদ্ধের সক্ষমতা উন্নত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেন রেজায়ি। তাঁর ভাষ্য, এ সক্ষমতার মাধ্যমে মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ নেওয়া এবং সেগুলোকে বাধ্য করে অবতরণ করানোর সামর্থ্য অর্জন করেছে ইরান।

তবে এসব সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার দাবির পক্ষে সাক্ষাৎকারে বিস্তারিত তথ্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ তুলে ধরা হয়নি।

রেজায়ি বলেন, পশ্চিম এশিয়ার সব ফ্রন্টে যুদ্ধের অবসান—বিশেষ করে লেবাননে—ইরানের মৌলিক শর্তগুলোর অন্যতম।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত উপস্থাপন করেছে তেহরান। এখন ওয়াশিংটনের কাছ থেকে সেসব বিষয়ে স্পষ্ট ও সরাসরি জবাবের অপেক্ষায় রয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রাথমিক প্রতিক্রিয়া যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

রেজায়ির দাবি, ইরানের সাতটি শর্ত দেশটির জনগণের অধিকারভিত্তিক। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান এবং কাতারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা—এমন খবরও নাকচ করেন রেজায়ি। তিনি বলেন, এসব খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

তাঁর অভিযোগ, আলোচনার অগ্রগতি ও বৈঠকের খবর ছড়িয়ে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ কমানো এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম নামানোর চেষ্টা করছে। ওয়াশিংটনের এমন বক্তব্যকে ‘মিথ্যা’ বলে আখ্যা দেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, আল-মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব বক্তব্য তুলে ধরেছেন রেজায়ি।