ইরানকে ঘিরে গণমাধ্যমের প্রচার-প্রচারণা সাম্প্রতিক দিনগুলোতে আরও জোরদার হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সতর্ক করে বলেছেন, ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পক্ষে জনমত তৈরিতে যে প্রচারণার কৌশল ব্যবহার করা হয়েছিল, ইসরায়েলি শাসকগোষ্ঠী এখন তা ইরানের বিরুদ্ধে প্রয়োগের চেষ্টা করছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রে ইরানের কথিত নাশকতার পরিকল্পনা এবং ক্ষেপণাস্ত্র তৈরির কাজে বাঁধ ব্যবহারের অভিযোগ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনগুলো স্পষ্টতই ইসরায়েলপন্থী লবির তৎপরতার ফল।
তিনি লেখেন, ‘গত ৭২ ঘণ্টায় ইসরায়েলপন্থী গণমাধ্যমগুলো “প্রতিবেদন” প্রকাশ করেছে যে, ইরান নাকি ওয়াশিংটন ডিসিতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে এবং বাঁধের নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করছে। এসবই আজগুবি।’
সম্প্রতি সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের রাজধানীতে ‘ডার্টি বোমা’ ব্যবহার করে অভিযান চালাতে পারে ইরান।
অন্যদিকে, দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, বাঁধসহ ইরানের বিস্তৃত পানি অবকাঠামো নির্মাণ কর্মসূচির সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন কর্মসূচির যোগসূত্র থাকতে পারে।
ইরান এসব প্রতিবেদনকে বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, দেশটির বিরুদ্ধে নতুন করে আগ্রাসনের অজুহাত তৈরির উদ্দেশ্যেই এসব প্রচারণা চালানো হচ্ছে।
আরাগচি বলেন, এসব প্রতিবেদন ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পক্ষে সমর্থন আদায়ে ব্যাপক বিধ্বংসী অস্ত্র (ডব্লিউএমডি) নিয়ে প্রচারিত মিথ্যা গোয়েন্দা তথ্যের কথা মনে করিয়ে দেয়। ওই অভিযোগকে সামনে রেখেই আরব দেশটিতে আগ্রাসনের পক্ষে জনসমর্থন গড়ে তোলা হয়েছিল।
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন আগ্রাসনের পর বিভিন্ন সরকারি তদন্ত ও অনুসন্ধানে ইরাকের ব্যাপক বিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগের সত্যতা খণ্ডিত হয়।