ফিলিস্তিনিদের ওপর বসতি সহিংসতা

তিন ইসরায়েলি ও চার সংগঠনের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতার অভিযোগে তিন ইসরায়েলি ব্যক্তি ও চারটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও সংগঠনগুলো নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, সমন্বয় ও নির্মাণে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এ কাজে অর্থ সংগ্রহ, স্বেচ্ছাসেবী নিয়োগ এবং সহিংস বসতি স্থাপনকারীদের সহায়তা দেওয়ার মতো কর্মকাণ্ডও তারা চালিয়েছে।

নিষেধাজ্ঞার ফলে অস্ট্রেলিয়ার নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত ব্যক্তি ও সংগঠনগুলোর সঙ্গে বাণিজ্য করতে কিংবা তাদের কোনো ধরনের সহায়তা দিতে পারবে না।

পেনি ওং বলেন, পশ্চিম তীরের ই-১ বসতি প্রকল্প এলাকায় সাম্প্রতিক সহিংসতা দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ফিলিস্তিনি ভূখণ্ড কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণে যুক্ত আটটি নির্মাণপ্রতিষ্ঠান এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া একটি বসতি স্থাপনকারী গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য।

এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার ওই অবৈধ বসতি নির্মাণে যুক্ত ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেন।

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত