ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে ইরানের জনগণের ক্ষতি করছে—এমন একতরফা নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বেইজিং।
বুধবার (১৯ নভেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের একটি কমিটির বৈঠকে বক্তব্য দিতে গিয়ে চীনের প্রতিনিধি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হচ্ছে এবং তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন, ‘ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় চীন দেশটির পাশে রয়েছে।’
চীনা কূটনীতিক আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের নিজস্ব উন্নয়নপথকে সম্মান করার আহ্বান জানান। একই সঙ্গে মানবাধিকারের অজুহাতে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার কথা বলেন।চীনের প্রতিনিধি আরও বলেন, ইরানের জনগণের অধিকার ক্ষুণ্ন করছে—এমন একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহার করা উচিত। পাশাপাশি এসব পদক্ষেপের মাধ্যমে দেশটির মানুষের জীবনযাত্রার পরিস্থিতি আরও কঠিন করে তোলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটির পর চীনের পক্ষ থেকে এ বক্তব্য আসে। ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল বেইজিং।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে চীনের প্রতিনিধি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে সংলাপ ও আলোচনাই একমাত্র পথ।