ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে গুলিতে এক বিচারক, তাঁর স্ত্রী ও তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পিরানশাহরের বিচারক ইব্রাহিম সাদেঘিকে তাবরিজের হায়দারাবাদ এলাকায় গুলি করা হয়। হামলাকারী পরে নিজেকেও গুলি করেন। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে বিচারকের মেয়ে উপস্থিত থাকলেও প্রাণে বেঁচে গেছে। হামলার সময় সে কাছের একটি দোকানে আশ্রয় নেয়।
কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।