ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের হামলাকে শিশুদের বিরুদ্ধে ‘অমার্জনীয় ও অগ্রহণযোগ্য অপরাধ’ বলে আখ্যায়িত করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি। নিহত শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে বলেও অঙ্গীকার করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিনাবের শাজারে তাইয়্যেবা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ইরানের সেনাপ্রধান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথম দিনেই বিদ্যালয়টিতে হামলা হয়েছিল।
ইরানের দাবি অনুযায়ী, ওই হামলায় ১৭৫ জন নিহত হন। তাঁদের বেশির ভাগই ছিল ৭ থেকে ১২ বছর বয়সী শিশু। এ ছাড়া ২৬ জন নারী শিক্ষকও প্রাণ হারান।
আলী আবদোল্লাহি বলেন, বিদ্যালয়টিতে হামলা শিশুদের বিরুদ্ধে মার্কিন অপরাধের সুস্পষ্ট প্রমাণ। কোনো অবস্থাতেই একটি বিদ্যালয়ে থাকা শিশুদের লক্ষ্যবস্তু করার যৌক্তিকতা থাকতে পারে না।
তিনি বলেন, ‘এই বিদ্যালয়ে যা ঘটেছে, তা প্রকৃতপক্ষে শিশুদের বিরুদ্ধে মার্কিন অপরাধের নথিভুক্ত প্রমাণ। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের ইতিহাসে এ ধরনের বহু ঘটনার মধ্যে এটি একটি।’
ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা আরও বলেন, হামলাটি যুক্তরাষ্ট্রের কথিত স্বাধীনতার প্রচারের সঙ্গে তাদের বাস্তব কর্মকাণ্ডের বৈপরীত্য প্রকাশ করেছে। ওয়াশিংটন প্রায়ই স্বাধীনতার কথা বললেও বাস্তবে মানবিক মূল্যবোধের প্রতি তাদের কোনো শ্রদ্ধা দেখা যায় না।
আবদোল্লাহির দাবি, বিদ্যালয়টির অবস্থান এবং হামলার সময় সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অবগত ছিল।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিহত শিশুদের নিষ্পাপ রক্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘সন্ত্রাসীদের’ তাড়া করে ফিরবে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি ও প্রেস টিভি।