‘কওমি জননী’ উপাধি দেওয়া সাবেক খতিব রুহুল আমিন পাঁচ দিনের রিমান্ডে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

পল্টন মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা, মারধর, চুরি ও ভাঙচুরের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশি প্রহরায় তাঁকে আদালতে হাজির করা হয়। মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পরিদর্শক মো. হাবিবুর রহমান তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে সিআইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম মসজিদে সংঘর্ষের ঘটনায় তাঁর ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই করতে চায় তদন্ত সংস্থা। এ ঘটনায় কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা ছিল কি না, অপরাধ সংঘটনে আর্থিক লেনদেন হয়েছে কি না, সংঘর্ষে নেতৃত্বদানকারী ও অন্য আসামিদের পরিচয় এবং ঘটনার পেছনের পরিকল্পনা উদ্ঘাটনের বিষয়ও আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সংঘর্ষে আহত ব্যক্তিদের ওপর হামলা এবং মসজিদের সম্পত্তি ভাঙচুরের ঘটনায় দায় নির্ধারণের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে জানানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায় করতে বায়তুল মোকাররম মসজিদে যান প্রবাসফেরত এক ব্যবসায়ী। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন-নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় মুফতি রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন।

অভিযোগে বলা হয়েছে, তাঁরা ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন এবং তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন। উপস্থিত মুসল্লিরা বাধা দিলে রুহুল আমিনের নির্দেশে মামলার ২ নম্বর আসামি লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে ওই ব্যবসায়ীর ডান চোখে আঘাত করেন। এতে তাঁর চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং ডান চোখের দৃষ্টিশক্তি হারান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, আসামিদের মারধরে বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। এ সময় বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত করা হয়।

তবে এসব অভিযোগ মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে; অভিযোগগুলোর সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত