ইরানে প্রয়াত শীর্ষ ধর্মীয় নেতার স্মরণে বিশেষ আয়োজন

ইরানের প্রয়াত শীর্ষ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন ওয়াহিদ খোরাসানির স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি। বৃহস্পতিবার রাতে মাশহাদের ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। তাঁর দাফনের পর প্রথম রাতেই আয়োজন করা হয় শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠান।

স্মরণসভায় উপস্থিত ধর্মীয় ব্যক্তিত্বরা প্রয়াত এই আলেমের জ্ঞান, গবেষণা ও ইসলামী শিক্ষায় অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের উপপ্রধান আয়াতুল্লাহ সাইয়্যেদ হাশেম হোসেইনি বুশেহরি। তিনি বলেন, ফিকহ, ফিকহের মূলনীতি, হাদিস বর্ণনাকারীদের পরিচিতি ও কোরআনের তাফসির-এসব ক্ষেত্রে ওয়াহিদ খোরাসানি ছিলেন অসাধারণ দক্ষতার অধিকারী। তাঁর জ্ঞান ও পাণ্ডিত্য তাঁকে ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

বুশেহরি আরও বলেন, প্রয়াত এই ধর্মীয় নেতার অন্যতম বৈশিষ্ট্য ছিল আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। পাশাপাশি আহলে বাইত ও হজরত ফাতেমা জাহরা (সা.)-এর বিশেষ আধ্যাত্মিক অনুগ্রহ লাভ করেছিলেন তিনি। সর্বোচ্চ নেতার বক্তব্য উদ্ধৃত করে বুশেহরি ওয়াহিদ খোরাসানিকে ফিকহ ও এর মূলনীতির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করেন।

ইরানের ধর্মীয় অঙ্গনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছিলেন আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি। তাঁর মৃত্যুতে দেশটির ধর্মীয় মহলে শোকের আবহ তৈরি হয়েছে। স্মরণসভায় তাঁর জীবন, ধর্মীয় জ্ঞান ও শিক্ষাগত অবদান শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানানো হয় এবং ধর্মীয় শিক্ষায় তাঁর অবদানের কথা স্মরণ করেন উপস্থিত ব্যক্তিরা।