ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা আলী বালালি বলেছেন, নতুন ভৌগোলিক পরিসরে ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে ইরানের ওপর কোনো বিধিনিষেধ নেই। ইসলামি প্রজাতন্ত্রের কর্মকর্তাদের ধারাবাহিক সামরিক হুমকির সর্বশেষ বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানে সম্ভাব্য মার্কিন হামলায় অংশ নেওয়া যেকোনো দেশ ইরানের হামলার লক্ষ্যবস্তু হবে।
সর্বশেষ বক্তব্যে বালালি দাবি করেন, নতুন অঞ্চলে ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সক্ষমতা প্রস্তুত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের মজুত, অভিযান পরিচালনার স্থান কিংবা সরঞ্জামের ক্ষেত্রে আইআরজিসির কোনো সীমাবদ্ধতা নেই বলেও দাবি করেন তিনি।
আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পরস্পরবিরোধী খবর প্রচারকে তিনি ‘শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন। তাঁর দাবি, এসব খবর প্রচারের উদ্দেশ্য জনগণের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করা।
আইআরজিসির এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে দেশটির সশস্ত্র বাহিনী ‘চূড়ান্তভাবে’ জবাব দেবে।
এর আগে ৫ নভেম্বর আল-আলম টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বালালি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সম্ভাব্য মার্কিন হামলায় অংশ নেওয়া যেকোনো দেশ বা বাহিনী ইরানের হামলার লক্ষ্যবস্তু হবে।
ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটার পর্যন্ত এবং এই দূরত্বের মধ্যে থাকা মার্কিন বাহিনীকে প্রত্যাহার করতে হবে। বালালির দাবি, দেশের অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামো বিভিন্ন স্থানে ছড়িয়ে রাখার কারণে সামরিক হামলা অব্যাহত থাকলেও আইআরজিসি অভিযান চালিয়ে যেতে পারবে।
সংঘাতের ভৌগোলিক পরিসর বাড়ানোর বিষয়ে ইসলামি প্রজাতন্ত্রের অন্য সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের বক্তব্যের পরই বালালির সর্বশেষ মন্তব্য সামনে এলো।
নভেম্বরে আইআরজিসির কর্মকর্তারা ঘোষণা দেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর আগে আরোপ করা ২ হাজার কিলোমিটারের সীমা তুলে নেওয়া হয়েছে। আলী খামেনির নেতৃত্বাধীন সময়ে এই সীমাকে ইসলামি প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র কর্মসূচির আনুষ্ঠানিক নীতি হিসেবে ঘোষণা করা হয়েছিল।
তবে ক্ষেপণাস্ত্রের কার্যকর পাল্লা কতটা বাড়ানো হয়েছে, যুদ্ধের জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্রের সংখ্যা কত কিংবা আগের ঘোষিত সীমার বাইরে হামলা চালানোর সক্ষমতা কতটুকু—এসব বিষয়ে ইসলামি প্রজাতন্ত্রের কর্মকর্তারা এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
যুদ্ধের ভৌগোলিক পরিসর বাড়ানোর এসব ধারাবাহিক হুমকি এমন এক সময়ে আসছে, যখন ইসলামি প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে সম্ভাব্য হামলায় অংশ নেওয়া দেশগুলোকেও লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত করার কথা বলা হয়েছে। ওই তালিকায় আগে থেকেই ইসরায়েল ও অঞ্চলজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো রয়েছে।
সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু ফুরিয়ে আসছে গোলাবারুদ?
'রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন এড়ানোর কোনো কারণ নেই '
‘জয় বাংলা’ এখন আ. লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী