ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) শনিবার জানায়, হারথা বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে এনেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর।
৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন কেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে এবং কয়েকটি গাড়ি পুড়ে যেতে দেখা গেছে। পাশাপাশি জরুরি উদ্ধার তৎপরতা দেখতে ঘটনাস্থলে মানুষের ভিড়ও দেখা যায়।
তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত। কয়েক দশকের অপর্যাপ্ত বিনিয়োগ, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ সরবরাহ করতে না পারার কারণে দেশটির বিদ্যুৎ খাতে সংকট রয়েছে। বিশেষ করে প্রচণ্ড গরমের গ্রীষ্মকালীন মাসগুলোতে এ সংকট আরও প্রকট হয়।
এর আগেও বিদ্যুৎ উপকেন্দ্র ও বিভিন্ন বিদ্যুৎ স্থাপনায় অগ্নিকাণ্ড এবং কারিগরি ত্রুটির কারণে সরবরাহ বিঘ্নিত হয়েছে। এতে দেশজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।
সূত্র: আলজাজিরা ও ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ)