বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে একই সময়ে নিজের সিনেমা মুক্তি দিতে চান না সালমান খান। এমনকি ‘অ্যাভেঞ্জার্স’ ও ‘ডিউন’-এর মতো বড় বাজেটের হলিউড সিনেমার সঙ্গে মুক্তির লড়াইয়ে নামতেও তাঁর আপত্তি নেই। তবে শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খানের সিনেমা ‘কিং’-এর সঙ্গে কোনোভাবেই প্রতিযোগিতায় যেতে চান না তিনি।
সালমান খান ও চিত্রাঙ্গদা সিং অভিনীত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। একই দিনে শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ইথা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে মুক্তির তারিখ নির্ধারণের সময় শ্রদ্ধার সিনেমাটির কথা জানতেন না বলে জানিয়েছেন সালমান।
সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, শাহরুখের সিনেমা ‘কিং’ ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা। শাহরুখ ও তাঁর মেয়ে সুহানার সিনেমার সঙ্গে একই সময়ে নিজের সিনেমা মুক্তি দিতে চান না তিনি।
সালমান বলেন, অ্যাভেঞ্জার্স বা ডিউনের মতো সিনেমার সঙ্গে মুক্তির লড়াইয়ে নামতে তাঁর আপত্তি নেই। তবে সিনেমা দুটি তাঁর নির্ধারিত মুক্তির তারিখের এক সপ্তাহ আগে আসছে। আর ওই তারিখ ছেড়ে দিলে এক সপ্তাহ পরই শাহরুখের সিনেমা মুক্তি পাবে। তাই তিনি শাহরুখের সঙ্গে কোনোভাবেই একই সময়ে আসতে চাননি।
মুক্তির তারিখ নির্ধারণের ক্ষেত্রে জানুয়ারির ২৬ তারিখও বিবেচনায় ছিল বলে জানান সালমান। কিন্তু ওই সময়ে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তি পাওয়ার কথা। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত সিনেমাটির সঙ্গে প্রতিযোগিতা এড়াতে চান তিনি।
সালমান আরও বলেন, এর পরের সপ্তাহগুলোতে মুক্তির জন্য ভালো তারিখ পাওয়া গেলেও মার্চে তাঁর আরেকটি সিনেমা ‘মনস্টার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। নিজের সিনেমার সঙ্গেই যেন প্রতিযোগিতা তৈরি না হয়, সেটিও বিবেচনায় নিয়েছেন তিনি।
শ্রদ্ধা কাপুরের ‘ইথা’র সঙ্গে একই দিনে সিনেমা মুক্তি প্রসঙ্গে সালমান বলেন, ৪ ডিসেম্বর ‘মাতৃভূমি’ মুক্তির তারিখ ঘোষণার সময় তিনি জানতেন না, শ্রদ্ধার সিনেমাটিও ওই দিন মুক্তি পাবে। বিষয়টি জানার পর তাঁর খারাপ লেগেছে। শ্রদ্ধার সঙ্গে ফোনে কথা বলে দুঃখ প্রকাশও করেছেন তিনি।
সালমান বলেন, শ্রদ্ধাকে তিনি ছোটবেলা থেকে বড় হতে দেখেছেন। তাই একই দিনে সিনেমা মুক্তির বিষয়টি তাঁর কাছে অস্বস্তিকর মনে হয়েছে। তবে শ্রদ্ধা তাঁকে জানিয়েছেন, ভালো দুটি সিনেমার জন্য দর্শক ও প্রেক্ষাগৃহে যথেষ্ট জায়গা রয়েছে।
‘মাতৃভূমি’ সিনেমার গল্প
অপূর্ব লাখিয়ার পরিচালনায় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায় সালমান খান ও চিত্রাঙ্গদা সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অনুপ বিক্রম শাহি ও প্রশান্ত তামাং।
শিব অরুরের লেখা ‘ইন্ডিয়াস মোস্ট ফিয়ারলেস’ বইয়ের একটি অধ্যায় অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। ২০২০ সালে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনা এতে তুলে ধরা হয়েছে। ওই সংঘর্ষে কর্নেল বি. সন্তোষ বাবুর নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনীর ১৬ বিহার রেজিমেন্টের সদস্যরা চীনা সেনাদের মুখোমুখি হয়েছিলেন।
সূত্র: এনডিটিভি