যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ইরানের হাতে: জেনারেল মুসাভি

যুদ্ধের ময়দানে নিজেদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী এখন যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সংঘাতের গতিপথও নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি।

শনিবার ইরানের একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা ‘মিসাইল সিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুসাভি জানান, দেশটির অ্যারোস্পেস ফোর্স সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির নির্দেশনা অনুযায়ী যেকোনো সামরিক পদক্ষেপ গ্রহণে প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া মাত্রই বাহিনীটি অভিযান পরিচালনার সক্ষমতা রাখে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের এই সামরিক কমান্ডারের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ১২ দিন ও ৪০ দিনের দুটি যুদ্ধের মধ্যবর্তী সময়ে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সক্ষমতায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। এ সময়ের মধ্যে নতুন প্রজন্মের অস্ত্র, উন্নত সামরিক সরঞ্জাম এবং কার্যকর প্রযুক্তি উদ্ভাবন ও সংযোজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের সামরিক শক্তি প্রদর্শন কিংবা দেশের বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় বাহিনীটি পিছপা হবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আকাশসীমায় বিদেশি অনুপ্রবেশ ঠেকানো এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর ড্রোন কার্যক্রমের জবাব দেওয়ার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই নতুন ক্ষেপণাস্ত্র স্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সুত্র: মেহের নিউজ এজেন্সি