মণিপুরে বিষাক্ত মদের ছোবল, প্রাণ গেল ১১ জনের; হাসপাতালে ১৮০

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত মদপানে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। একই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনেরও বেশি মানুষ। শুক্রবার (২০ নভেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং এক বিবৃতিতে এ তথ্য জানান।

মুখ্যমন্ত্রী জানান, গত ৪৮ ঘণ্টায় বিষাক্ত মদপানের কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। অসুস্থ ব্যক্তিদের রাজ্যের দুটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মণিপুরের সুংনু শহর থেকে গত এক সপ্তাহে যারা মদ কিনেছেন, তাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন কর্মকর্তারা। একই সঙ্গে অজ্ঞাত উৎস থেকে সংগ্রহ করা মদ পান না করার বিষয়ে সতর্ক করেছে পুলিশ।

ভারতে অবৈধ ও ভেজাল মদপানে মৃত্যুর ঘটনা নতুন নয়। কম দামে বিক্রি হওয়া এসব মদে অনেক সময় মিথানলের মতো বিষাক্ত রাসায়নিক মেশানো হয়। এ ধরনের রাসায়নিক শরীরে প্রবেশ করলে অন্ধত্ব, যকৃতের মারাত্মক ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।

এর আগে ২০২০ সালে পাঞ্জাব রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: আলজাজিরা

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত