পুরোনো ছবি দিয়ে আগের বিশ্বব্যবস্থা ফিরবে না, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং অতিরিক্ত যুদ্ধ সরঞ্জাম মোতায়েনের ঘটনায় ওয়াশিংটনকে সতর্ক করেছে ইরান। দেশটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, পুরোনো ছবি দেখিয়ে আগের বিশ্বব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ওই অঞ্চলে বিমানবাহী রণতরি, উভচর অভিযানে সক্ষম সেনাসদস্যসহ বিভিন্ন ধরনের নৌ ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের এসব সামরিক প্রস্তুতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর জবাবে ইরানও কঠোর অবস্থানের কথা জানিয়েছে।

তেহরানের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, ইরানের ভূখণ্ডে কোনো ধরনের সামরিক হামলা হলে মধ্যপ্রাচ্যের বাইরেও থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং নৌবাহিনীর সম্পদ পাল্টা আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে।

ইরানের দাবি, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথমবারের মতো দেশটির ওপর যৌথ হামলা চালায়। টানা ১২ দিনের ওই সংঘাতের পর ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি আবারও নতুন করে সামরিক অভিযান শুরু হয়। দ্বিতীয় দফার সংঘাত প্রায় ৪০ দিন স্থায়ী হয়েছিল। এপ্রিলের শুরুতে এর অবসান ঘটে।

তেহরানের দাবি, দুই দফা সংঘাতেই ইরানের প্রতিরোধ এবং পাল্টা সামরিক অভিযানের মুখে প্রতিপক্ষকে যুদ্ধবিরতিতে যেতে হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, সামরিক চাপ প্রয়োগ করে আগের মতো বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা তারা মেনে নিতে প্রস্তুত নয়।