সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা রাস তানুরা শোধনাগার এবং রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠী। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানের পাল্টা জবাব হিসেবে বুধবার (২৫ নভেম্বর) এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন, সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। রাস তানুরা তেল শোধনাগারে সরাসরি আঘাত হানা হয়েছে এবং এতে স্থাপনাটিতে আগুন ধরে যায় বলে দাবি করেন তিনি। অন্যদিকে রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে তিন ধাপে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
তবে হামলায় শোধনাগারের প্রকৃত ক্ষয়ক্ষতি কিংবা অগ্নিকাণ্ডের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সৌদি নেতৃত্বাধীন জোট এর আগে রাস তানুরা এলাকায় চারটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার দাবি করেছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত রাস তানুরা দেশটির বৃহত্তম তেল শোধনাগারগুলোর একটি। একই স্থাপনা-কমপ্লেক্সের সঙ্গে অপরিশোধিত তেল রপ্তানির গুরুত্বপূর্ণ টার্মিনালও যুক্ত রয়েছে।
সৌদি রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে একটি বহুতল ভবনে মঙ্গলবার হামলার ঘটনায় ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একই ভবনে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে ১৯ নভেম্বর ভবনটিতে হামলা চালানো হয়েছিল। ওই ঘটনায় ভবনটির ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হননি।
আহত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। হামলার জন্য হুতিদের দায়ী করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে হামলার পর সৌদি আরবের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এদিকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার খবর পাওয়া গেছে। জোটের পক্ষ থেকে বন্দরটিতে সামরিক সক্ষমতা ও কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কথা জানানো হয়েছে।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, হুদাইদা বন্দরে হামলার আগে জোটের মুখপাত্র বন্দরসংলগ্ন এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। এর পরপরই সেখানে সামরিক অভিযান চালানোর কথা জানানো হয়।
হুতি-সমর্থিত সংবাদমাধ্যমগুলোর দাবি, বন্দরের পাশাপাশি হুদাইদা আন্তর্জাতিক বিমানবন্দর এবং প্রদেশের অন্যান্য স্থাপনাও হামলার শিকার হয়েছে। আল-জাহরা জেলায় একজন ইয়েমেনি নাগরিকের মধু উৎপাদনকেন্দ্রে হামলার খবরও প্রকাশিত হয়েছে। তবে এসব স্থাপনায় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে স্বাধীনভাবে বিস্তারিত তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
হুদাইদা বন্দরে হামলার পর ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট বন্দরটিকে লক্ষ্যবস্তু করলে জেদ্দা বন্দরসহ লোহিত সাগর উপকূলে সৌদি আরবের অন্যান্য বন্দরেও হামলা চালানো হবে।
তিনি বন্দরকর্মী, আশপাশের বাসিন্দা এবং জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান।
ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর সৌদি হামলার জবাব দিতেই এসব সামরিক অভিযান চালানো হয়েছে। তিনি বিশেষ করে লাহিজ প্রদেশের আল-মাকাতিরা এলাকায় বেসামরিক যাত্রীবাহী বাস ও ট্রাকে হামলার অভিযোগ তোলেন।
হুতি সামরিক মুখপাত্র আরও বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি ভূখণ্ডের গভীরে অভিযান অব্যাহত থাকবে। তাঁর ভাষায়, 'অবরোধের জবাবে অবরোধ, উত্তেজনার জবাবে উত্তেজনা' নীতি অনুসরণ করবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রাখার কথা জানিয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির বড় অংশের নিয়ন্ত্রণ নেয় হুতি গোষ্ঠী। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট দেশটিতে অভিযান শুরু করে।
দীর্ঘদিনের এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। বিমান হামলা, অবরোধ, খাদ্যসংকট ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি ইয়েমেনের সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
এদিকে লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং আশপাশের সামুদ্রিক পথ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুদাইদা ও জেদ্দার মতো বন্দরগুলো সংঘাতের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হলে আন্তর্জাতিক নৌপরিবহন, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
বিশ্লেষকদের দৃষ্টিতে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরকে ঘিরে পাল্টাপাল্টি সামরিক তৎপরতা নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।
সূত্র: রয়টার্স।