ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রামাত ডেভিডে যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে। পুরোনো এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে দীর্ঘপাল্লার অভিযান পরিচালনা, নতুন ধরনের ড্রোনের হুমকি মোকাবিলা এবং সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। ইসরায়েলের বিমানবাহিনীর এই প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের (ynet) আন্তর্জাতিক সংস্করণ।
ইসরায়েলি সাংবাদিক রন বেন-ইশাইয়ের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তিনি ইসরায়েলি বিমানবাহিনীর রামাত ডেভিড বিমানঘাঁটি পরিদর্শন করেন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পর্কে জানতে গিয়ে তিনি সেখানে একদিকে স্বাভাবিক কর্মব্যস্ততা, অন্যদিকে সামরিক অভিযানের জন্য যুদ্ধবিমান প্রস্তুত রাখার চিত্র দেখতে পান।
বিমানঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ-এর সঙ্গে কথা বলার সময় তিনি ঘাঁটির শান্ত পরিবেশের কথা উল্লেখ করেন। জবাবে কমান্ডার বলেন, ইরান কিংবা লেবাননে বড় ধরনের অভিযান পরিচালনার সময় বিমানঘাঁটির চিত্র সম্পূর্ণ বদলে যায়। তাঁর ভাষায়, ‘অপারেশন রোরিং লায়ন’-এর প্রথম দফার অভিযানে যখন একের পর এক ডজনখানেক যুদ্ধবিমান উড্ডয়ন করেছিল, তখন শব্দের কারণে নিজেদের কথাও শোনা যাচ্ছিল না।
তিন-চার দশকের পুরোনো যুদ্ধবিমান দিয়েই অভিযান
রামাত ডেভিড বিমানঘাঁটিতে এফ-১৬ যুদ্ধবিমানের কয়েকটি স্কোয়াড্রন রয়েছে। এগুলোর বেশির ভাগই বারাক সংস্করণের। ১৯৮০-এর দশক থেকে ইসরায়েল যে এফ-১৬ যুদ্ধবিমান সংগ্রহ করেছিল, সেগুলোর প্রাথমিক প্রজন্মের অন্তর্ভুক্ত এসব বিমান। বর্তমানে কয়েকটির বয়স ৩০ থেকে ৪০ বছর।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে এক দিনেই এসব পুরোনো যুদ্ধবিমান দিয়ে একাধিক দূরপাল্লার সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
প্রতিটি অভিযান শেষে বিমানগুলোর বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন ভূমিতে থাকা কারিগরি দলের সদস্যরা। ছোটখাটো যান্ত্রিক ত্রুটি মেরামত করে আবারও উড্ডয়নের উপযোগী করা হয় বিমানগুলোকে। যেসব বিমানে বড় ধরনের মেরামতের প্রয়োজন হয়, সেগুলো সাময়িকভাবে অভিযান থেকে সরিয়ে নিয়ে পূর্ণাঙ্গ পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন যন্ত্রাংশ ও ব্যবস্থা পরিবর্তনের পর সেগুলো আবারও অভিযানে যুক্ত করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, কারিগরি দলগুলোর দ্রুততা ও দক্ষতার কারণেই ইসরায়েলি বিমানবাহিনী দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার সামরিক অভিযান চালিয়ে যেতে পেরেছে। এমনকি তেহরানের আকাশে অবস্থান করার সময়ও কয়েকটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। তবে সব বিমানই নিরাপদে ইসরায়েলে ফিরে আসে।
বিমানঘাঁটির কমান্ডার এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন ভূমিতে কাজ করা কারিগরি দলগুলোকে। ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মধ্যেও তাঁরা নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে যুদ্ধবিমান প্রস্তুত ও রক্ষণাবেক্ষণের কাজ করেছেন বলে জানান তিনি।
বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
অপারেশন রোরিং লায়ন চলাকালে ইরান রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে জানিয়েছেন ঘাঁটির কমান্ডার। তাঁর দাবি, সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বিমানঘাঁটির কিছু স্থাপনার সামান্য ক্ষতি হয়েছিল।
প্রতিবেদক ঘাঁটি পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত ছাদ ও ভাঙা জানালা দেখতে পান। তবে সামগ্রিক ক্ষয়ক্ষতি ছিল সামান্য।
কমান্ডারের দাবি, ইসরায়েলের অন্যান্য বিমানঘাঁটিতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, এসব হামলায় কোনো যুদ্ধবিমান, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা কিংবা কর্মী ক্ষতিগ্রস্ত হননি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের জুনে অপারেশন রাইজিং লায়নের পর ইরান সম্ভবত বুঝতে পেরেছিল যে ইসরায়েলের বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটানো কঠিন। লেখকের মূল্যায়ন, এ কারণে পরবর্তী অপারেশন রোরিং লায়নে ইরান ইসরায়েলের বেসামরিক জনবসতিকে বেশি লক্ষ্যবস্তু করার চেষ্টা করে।
ইরানের বিরুদ্ধে ২০টি অভিযানে অংশ নেন ঘাঁটির কমান্ডার
রামাত ডেভিড বিমানঘাঁটির কমান্ডার নিজেও একজন অভিজ্ঞ যুদ্ধবিমানচালক। দায়িত্ব পালনের পাশাপাশি ইরানের বিরুদ্ধে ২০টি সামরিক অভিযানে সাধারণ যুদ্ধবিমানচালক হিসেবে অংশ নিয়েছেন তিনি।
তাঁর মতে, অপারেশন রোরিং লায়নের সময় ইসরায়েলি বিমানবাহিনী নিজেদের সক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। কয়েক দশক পুরোনো যুদ্ধবিমান ব্যবহার করে ধারাবাহিক অভিযান পরিচালনার পাশাপাশি পাইলটদের দক্ষতাও ছিল উল্লেখযোগ্য।
কমান্ডারের ভাষ্য অনুযায়ী, কয়েকজন পাইলট টানা তিন দিন পর্যন্ত না ঘুমিয়ে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘপাল্লার অভিযান চালিয়ে যাওয়ার জন্য তাঁদের কেউ কেউ ঘুম ও ক্লান্তি নিয়ন্ত্রণে উদ্দীপক ওষুধও ব্যবহার করেছেন।
ইরানের উদ্দেশে যাত্রার সময় পাইলটরা সম্ভাব্য বিপদ সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকতেন। দীর্ঘপাল্লার এসব অভিযানে কখনো কখনো যুক্তরাষ্ট্রের সহায়তায় আকাশে জ্বালানি নেওয়ার প্রয়োজন হতো।
তবে অভিযান শেষে ইরান থেকে ফেরার সময় তা অনেকটা একঘেয়ে হয়ে উঠত। সেই একঘেয়েমি কাটাতে পাইলটরা নিজেদের মধ্যে বেতার যোগাযোগের মাধ্যমে কুইজের আয়োজন শুরু করেন। বিষয়টি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে পরে স্কোয়াড্রন কমান্ডাররা এ ধরনের আকাশপথের সামাজিক কার্যক্রম বন্ধ করে দেন।
ইরাক ও লেবাননে বিমান হামলার ঝুঁকি বাড়ছে
প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষ দিকে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সেনা প্রত্যাহারের পর দেশটির আকাশসীমায় নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়েছে। ইরান-সমর্থিত কয়েকটি শিয়া সশস্ত্র গোষ্ঠী সেখানে সক্রিয় রয়েছে। এর মধ্যে কাতায়েব হিজবুল্লাহ অন্যতম।
আরব গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, ইরান সম্প্রতি ওই সশস্ত্র গোষ্ঠীকে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করেছে। লেবাননের হিজবুল্লাহর হাতেও অতিরিক্ত আকাশ প্রতিরক্ষার সক্ষমতা এসেছে বলে খবর রয়েছে।
এ পরিস্থিতিতে ওই অঞ্চলে ইসরায়েলি বিমানবাহিনীর অভিযান পরিচালনা আরও কঠিন হয়ে উঠছে। ফলে পাইলটদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
শত্রুপক্ষের ভূখণ্ডে অভিযান পরিচালনার সময় পাইলটরা কতটা ঝুঁকি নিতে পারবেন, সে বিষয়ে ইসরায়েলি বিমানবাহিনীর নির্দিষ্ট নীতিমালা রয়েছে। প্রতিটি অভিযানের গুরুত্ব বিবেচনা করে বিমানবাহিনীর কমান্ডার ঝুঁকির গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণ করেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী উভয়ই এ ক্ষেত্রে পূর্বনির্ধারিত ঝুঁকির শ্রেণিবিন্যাস অনুসরণ করে।
অ্যাপাচি হেলিকপ্টারের গুরুত্ব বাড়াচ্ছে ইসরায়েল
২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইসরায়েলি বিমানবাহিনী তাদের সামরিক পরিকল্পনায় পরিবর্তন এনেছে। বিশেষ করে অ্যাপাচি আক্রমণকারী হেলিকপ্টারের ব্যবহার ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ওই হামলার দিন এবং পরবর্তী কয়েক দিন লেবাননের হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনী ইসরায়েলের উত্তর সীমান্তের কাছাকাছি অবস্থান করছিল। অন্যদিকে তখনও বাশার আল-আসাদ ও তাঁর বাহিনী সিরিয়ার নিয়ন্ত্রণে ছিল।
৭ অক্টোবরের হামলার সময় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শত্রুপক্ষের শক্তিবৃদ্ধি, সেনা ও সামরিক সরঞ্জামের চলাচল বাধাগ্রস্ত করার অভিযানে পাঠানো হয়েছিল। কিন্তু গাজার আশপাশের ইসরায়েলি জনপদে হামলাকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী আঘাত হানতে এবং হামলার কিছু অংশ প্রতিহত করতে অ্যাপাচি হেলিকপ্টারই কার্যকর ভূমিকা রেখেছিল।
ইসরায়েলি সামরিক তদন্তের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে আসা প্রায় ৩০০ হামলাকারী অ্যাপাচি হেলিকপ্টারের গোলাবর্ষণে নিহত হয়েছিল।
তবে ওই সময় যুদ্ধক্ষেত্রে কী ঘটছে, সে সম্পর্কে হেলিকপ্টারচালক কিংবা বিমানবাহিনীর সদর দপ্তরের কাছে সুস্পষ্ট ধারণা ছিল না। স্থলবাহিনীর কাছ থেকেও পর্যাপ্ত নির্দেশনা পাওয়া যায়নি। ফলে হেলিকপ্টারের গোলার আঘাতে ইসরায়েলি জিম্মি এফ্রাত কাটজ অনিচ্ছাকৃতভাবে নিহত হন।
পরবর্তী সময়ে এসব ত্রুটি ও সমন্বয়হীনতা দূর করার উদ্যোগ নেয় ইসরায়েলি বিমানবাহিনী। এর অংশ হিসেবে আক্রমণকারী হেলিকপ্টারের বহর পুনর্বিন্যাস এবং উত্তর ইসরায়েলে সক্ষমতা বাড়ানো হয়েছে।
অ্যাপাচি হেলিকপ্টার শুধু সাঁজোয়া যান ও শত্রুপক্ষের যোদ্ধাদের বিরুদ্ধে নয়, হালকা যানবাহন ব্যবহার করে দ্রুত আক্রমণ চালানো গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও কার্যকর। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান, ইরাক ও ইয়েমেন থেকে আসা কয়েক ডজন আক্রমণকারী ড্রোন প্রতিহত করতেও ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।
হেলিকপ্টার বহর পুনর্বিন্যাসের কারণে রক্ষণাবেক্ষণ অবকাঠামো নতুন করে সাজাতে হয়েছে। দক্ষিণ ইসরায়েলে পরিবার নিয়ে বসবাস করা অনেক পাইলট ও কারিগরি কর্মীকে উত্তরাঞ্চলে স্থানান্তর করা হয়েছে। নতুন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণের পাশাপাশি স্থানান্তরে সম্মত রক্ষণাবেক্ষণ কর্মীদের আর্থিক প্রণোদনাও দিতে হয়েছে। এ কাজে কয়েক কোটি শেকেল ব্যয় হয়েছে।
ফাইবার-অপটিক ড্রোন নিয়ে নতুন উদ্বেগ
ইসরায়েলি বিমানবাহিনীর সামনে নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে ফাইবার-অপটিক নিয়ন্ত্রিত ড্রোন। এ ধরনের ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদার করতে অতিরিক্ত কয়েক মিলিয়ন শেকেল বিনিয়োগ করছে দেশটি।
প্রতিবেদন অনুযায়ী, লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এসব ড্রোন ব্যবহার করে হতাহতের ঘটনা ঘটিয়েছে হিজবুল্লাহ। ভবিষ্যতে সংঘাত নতুন করে বাড়লে হিজবুল্লাহ ব্যাপকভাবে এ ধরনের ড্রোন ব্যবহার করতে পারে বলে ধারণা করছে ইসরায়েল।
এখনো এসব ড্রোনের বিরুদ্ধে যথেষ্ট কার্যকর প্রতিরোধব্যবস্থা তৈরি করতে পারেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে পাল্টা ব্যবস্থা তৈরির কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি সামরিক স্থাপনাগুলোতে সরাসরি শারীরিক সুরক্ষাব্যবস্থা জোরদার করা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধেও ফাইবার-অপটিক ড্রোনের কার্যকারিতা দেখা গেছে। প্রচলিত ড্রোনের মতো এগুলো বেতার যোগাযোগের ওপর নির্ভর করে না। তারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় বলে প্রচলিত ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি দিয়ে এগুলোকে অকার্যকর করা কঠিন।
এ কারণে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে বড় ধরনের আর্থিক ও প্রযুক্তিগত উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইরানে নতুন হামলা নিয়ে ইসরায়েলি বাহিনীর অভ্যন্তরেও আলোচনা
ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ইরানে নতুন করে সামরিক অভিযান চালানো নিয়ে মতপার্থক্য রয়েছে। কেউ অবিলম্বে হামলার পক্ষে, আবার কেউ মনে করছেন, তাড়াহুড়ো করার প্রয়োজন নেই।
প্রতিবেদক রামাত ডেভিড বিমানঘাঁটি পরিদর্শনের সময় জানতে চেয়েছিলেন, রাজনৈতিক এই বিতর্কের প্রভাব সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়া পাইলট ও কর্মীদের মধ্যেও পড়ছে কি না।
বিমানঘাঁটিতে এ নিয়ে আলোচনা ও মাঝেমধ্যে তর্ক-বিতর্ক হলেও পরিস্থিতি এর বেশি এগোয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর কারণ হিসেবে ব্যস্ততা কিংবা বিমানবাহিনী ও সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থার বিষয়টি তুলে ধরেছেন প্রতিবেদক।
তিনি একটি এফ-১৬ বারাক স্কোয়াড্রনের সদর দপ্তরে গিয়ে প্রবীণ রিজার্ভ সেনাসদস্যদের পাশাপাশি বিশের কোঠায় থাকা সক্রিয় পাইলটদের কাজ করতে দেখেন। নারী ও পুরুষ কারিগরি কর্মীদেরও দীর্ঘদিন ধরে ব্যবহৃত যুদ্ধবিমানগুলোকে দূরপাল্লার অভিযানের উপযোগী রাখতে একসঙ্গে কাজ করতে দেখেছেন।
প্রতিবেদকের পর্যবেক্ষণ অনুযায়ী, যুদ্ধের পরিস্থিতিতে একসঙ্গে কাজ করতে গিয়ে পাইলট, কারিগরি কর্মী ও অন্যান্য সদস্যদের মধ্যে সামরিক পদমর্যাদার প্রচলিত দূরত্ব অনেকটাই কমে এসেছে। তাঁদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাদারত্বের সম্পর্ক তৈরি হয়েছে।
প্রতিবেদনের শেষাংশে সাংবাদিক রন বেন-ইশাই লিখেছেন, রামাত ডেভিড বিমানঘাঁটিতে যে সমন্বয়, পেশাদারত্ব ও একসঙ্গে কাজ করার মানসিকতা তিনি দেখেছেন, ইসরায়েল রাষ্ট্রের সামগ্রিক কর্মকাণ্ডেও যদি তা প্রতিফলিত হতো, তাহলে দেশটির অনেক দুঃখ ও হতাশা হয়তো এড়ানো সম্ভব হতো।
সূত্র: ইয়েদিওথ আহরোনোথ (ynet), রন বেন-ইশাই।