প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে স্কুল ফিডিং কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন এই উদ্যোগের আওতায় প্রতিদিন দুপুরের খাবার পাবে প্রায় ১ কোটি ১০ লাখ শিশু। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের শারীরিক বিকাশে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং পড়াশোনার সঙ্গে তাদের সম্পৃক্ত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে। বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী এ কর্মসূচির মাধ্যমে প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। চার থেকে ১০ বছর বয়সী শিশুদের লক্ষ্য করে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, ২০২৭ সাল থেকে কর্মসূচিটি আরও বিস্তৃত পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর ফলে প্রায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন বিদ্যালয়ে দুপুরের খাবার পাবে।

শিশুদের জন্য সরবরাহ করা খাবারের পুষ্টিমান ও গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে খাবার প্রস্তুত ও পরিবেশনের প্রক্রিয়া নিয়মিত তদারকির পাশাপাশি মায়েদের সম্পৃক্ত করার পরামর্শ দেন। তাঁর মতে, তদারকি ব্যবস্থা শক্তিশালী করা গেলে কর্মসূচির কার্যকারিতা আরও বাড়বে।

বিদ্যালয়ের খাবারকে পুষ্টিকর ও শিশুদের কাছে আকর্ষণীয় করে তুলতে স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাবও দেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হলে সহজলভ্য স্থানীয় উপকরণ দিয়ে সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার তৈরির নতুন ধারণা পাওয়া যাবে।

প্রাথমিক বিদ্যালয়ে রান্নার ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্থানীয় শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত খাবারের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন তিনি। একই সঙ্গে খাবার তৈরির কাজে মায়েদের অংশগ্রহণ ও নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা রাখার কথা বলেন।

রন্ধনশিল্পের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে তিনি বলেন, রান্না কেবল একটি শিল্প নয়; এটি মানুষের অনুভূতি প্রকাশ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরারও মাধ্যম। খাবারের মধ্য দিয়ে মানুষের ইতিহাস, ব্যক্তিত্ব ও ভালোবাসার প্রকাশ ঘটে।

প্রতিযোগিতায় জমা পড়া ৩০০টি রেসিপির মধ্য থেকে সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম হয়েছেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় আবু আব্দুলাহ এমডি সিয়াম এবং তৃতীয় হয়েছেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হয়। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন ডা. জুবাইদা রহমান।

প্রতিযোগীদের রান্নায় নতুনত্ব ও সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজস্ব চিন্তা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে রান্নাকে আরও বৈচিত্র্যময় করে তুলতে হবে। বাংলাদেশের রান্নাকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করতেও সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) প্রসঙ্গও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে সবার জন্য খাদ্য নিশ্চিত করা, দরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তা বাড়ানো, শিশুদের অপুষ্টি ও খর্বতা দূর করা, ক্ষুদ্র কৃষকদের সহায়তা এবং টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা জরুরি। পাশাপাশি খাদ্যের অপচয় ও ক্ষয়ক্ষতি কমানোর ওপর গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, দেশের পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৫ দশমিক ১ শতাংশ খর্বতার শিকার। ৬৪টি জেলা, ৫০০টি উপজেলা, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন ও ৯০ হাজার ৪৯টি গ্রামের প্রেক্ষাপটে এ চিত্র উঠে এসেছে।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

কৃষির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, কৃষিনির্ভর বাংলাদেশের ভবিষ্যৎ খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে তরুণদের কৃষিকাজে উৎসাহিত করতে হবে। উৎপাদন বাড়ানোর পাশাপাশি পুষ্টিগুণসম্পন্ন ফসলের চাষ সম্প্রসারণেও গুরুত্ব দিতে হবে।

এ ক্ষেত্রে ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের পাশাপাশি ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান এবং পুষ্টির ঘাটতি মোকাবিলায় রোগ প্রতিরোধী আলুর চাষ বাড়ানোর পরামর্শ দেন তিনি। কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুনের উৎপাদন সম্প্রসারণের কথাও উল্লেখ করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩০ হাজারের বেশি কৃষক এ ধরনের বেগুন চাষ করছেন।

আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তুলতে সেচব্যবস্থা ও কৃষি অবকাঠামোর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো, জলাবদ্ধতা নিরসন এবং অনাবাদি জমিকে চাষের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলেন। খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নীতির পাশাপাশি পুষ্টি সংবেদনশীল নীতি বাস্তবায়নের ওপরও জোর দেন।

মা ও শিশুর পুষ্টি সুরক্ষায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহযোগিতায় পরিবারগুলোকে বৈচিত্র্যময় ও নিরাপদ খাবার গ্রহণে উৎসাহিত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকর রান্নার অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

ক্ষুধামুক্ত পৃথিবী প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য শেষ করেন ডা. জুবাইদা রহমান। তিনি সবাইকে শূন্য ক্ষুধার লক্ষ্য অর্জনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস 

বিএইচবি
আরও পড়ুন