পারস্য উপসাগরে মার্কিন সেনাদের উপস্থিতির স্বপ্নও শেষ: ইরান

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির দিন শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই। তিনি বলেছেন, এখন থেকে পারস্য উপসাগরে মার্কিন বাহিনী উপস্থিত থাকা কিংবা স্বাধীনভাবে সামরিক কার্যক্রম পরিচালনার স্বপ্নও দেখতে পারবে না। ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পুরো উপসাগরীয় অঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। তাঁর এই বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক সংঘাতের পর পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং ভারত মহাসাগরে নিজেদের সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে আসছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোহসেনি এজেই তাঁর বার্তায় বলেন, ‘আমেরিকানরা এখন থেকে পারস্য উপসাগরে উপস্থিত থাকা ও সেখানে কার্যক্রম পরিচালনার স্বপ্নও দেখতে পারবে না। কারণ, পারস্য উপসাগর এখন ইসলামি ইরানের সাহসী ও অনুগত সেনাবাহিনী এবং আইআরজিসির নিয়ন্ত্রণে। 

তিনি আরও বলেন, হরমুজ প্রণালির পূর্বাঞ্চল থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত জলসীমায় ইরানের নৌবাহিনী নিয়ন্ত্রণ বজায় রেখেছে। শেষ পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনীর বিজয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নৌবাহিনী দিবসের বার্তায় মোহসেনি এজেই ইরানের নৌবাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যাওয়া যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’র ১০৪ নাবিকের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

গত ৪ মার্চ ভারত মহাসাগরে শ্রীলঙ্কার গল উপকূল থেকে প্রায় ১৯ নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে হামলা চালায় মার্কিন সাবমেরিন। ভারতীয় নৌবাহিনীর আয়োজনে একটি সামরিক মহড়ায় অংশ নিয়ে দেশে ফেরার পথে ছিল ইরানি যুদ্ধজাহাজটি। হামলার পর জাহাজটি ডুবে যায়।

শ্রীলঙ্কার নৌবাহিনী ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করে। দেশটির কর্তৃপক্ষ সমুদ্র থেকে ৮৭টি মরদেহও উদ্ধার করেছিল। ইরানের সেনাবাহিনী জানিয়েছিল, হামলায় মোট ১০৪ জন নাবিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রও সাবমেরিন থেকে টর্পেডো নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছিল। 

মোহসেনি এজেই বলেন, ইরানের নৌবাহিনী জাতীয় শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। দেশের সামুদ্রিক শক্তি ও জলসীমার নিরাপত্তা রক্ষা এবং শহীদ নাবিকদের উত্তরাধিকার বহন করা তাদের দায়িত্ব। সেনাবাহিনীর নৌবাহিনী ও আইআরজিসির নৌবাহিনী একসঙ্গে শত্রুপক্ষের সামরিক শক্তির মোকাবিলা করেছে বলেও দাবি করেন তিনি।

এদিকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান একাধিকবার দাবি করেছে, ওই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধজাহাজ সরিয়ে দেওয়া হয়েছে। গত আগস্টে আইআরজিসি দাবি করেছিল, পারস্য উপসাগর মার্কিন যুদ্ধজাহাজমুক্ত হয়েছে। অক্টোবরে আইআরজিসির এক জ্যেষ্ঠ উপদেষ্টাও পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে কোনো মার্কিন জাহাজ নেই বলে দাবি করেন।

তবে এসব দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। বরং সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ওই অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা ও ইরানের পাল্টা অবস্থানের চিত্র দেখা যাচ্ছে।

গত ২৭ নভেম্বর ওমান উপসাগরে ইরানের বন্দর থেকে বেরিয়ে মার্কিন নৌ অবরোধ অতিক্রমের চেষ্টা করা একটি পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ অচল করে দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, সতর্কবার্তা অমান্য করায় জাহাজটির পেছনের অংশে হামলা চালানো হয়। অন্যদিকে ইরানের নৌবাহিনী অবরোধ ভাঙার প্রস্তুতি ও সামুদ্রিক চলাচল সচল রাখার কথা জানিয়েছে। 

এমন পরিস্থিতিতে ইরানের বিচারপ্রধানের সর্বশেষ বক্তব্যকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার রাজনৈতিক ও সামরিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ভারত মহাসাগরে দেনা যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনার পর ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরানের কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

তথ্যসূত্র: প্রেস টিভি