মার্কিন-ইসরায়েলি হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরানের নৌবাহিনী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

ইরানের জাতীয় নিরাপত্তা ও সামুদ্রিক সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের কঠোর জবাব দিতে দেশটির সেনাবাহিনীর নৌবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারের কথাও বলেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ওয়াহিদি এসব কথা বলেন। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি ও ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে তাঁর বক্তব্য উঠে এসেছে।

বিবৃতিতে ওয়াহিদি বলেন, ইরানের সেনাবাহিনীর নৌবাহিনী ও আইআরজিসি নৌবাহিনীর মধ্যে সমন্বয়, সহযোগিতা ও কৌশলগত ঐক্য দেশটির সশস্ত্র বাহিনীর সংহতির গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এই ঐক্য পারস্য উপসাগরসহ আশপাশের জলসীমায় দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইরানের প্রতিরোধক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্বার্থ ও সামুদ্রিক সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবিলায় ইরানের নৌবাহিনী সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিতে বাহিনী দুটি সম্পূর্ণ প্রস্তুত।

ওয়াহিদির ভাষ্য, নিজস্ব প্রযুক্তি, সামরিক অভিজ্ঞতা এবং সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনার ভিত্তিতে ইরানের নৌবাহিনী নিজেদের সক্ষমতা বাড়িয়েছে। এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তায় হস্তক্ষেপকারী শক্তিগুলোর কাছে দেশের সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অবস্থান তুলে ধরা হচ্ছে।

বিবৃতিতে আইআরজিসি প্রধান দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ও সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নৌবহর দূরবর্তী সমুদ্রাঞ্চলে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে সীমাবদ্ধ হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, এসব শক্তি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

ইরানের নৌবাহিনীর সদস্যদের প্রশংসা করে ওয়াহিদি তাঁদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে নৌবাহিনীর কমান্ডার, সদস্য ও তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বিশেষভাবে গত মার্চে মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘দেনা’র নৌসদস্যদের স্মরণ করেন আইআরজিসি প্রধান।

গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায় ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’। ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনা ও নৌ-মহড়ায় অংশ নিয়ে দেশে ফেরার পথে জাহাজটি হামলার শিকার হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন।

জাহাজটি ডুবে যাওয়ার পর শ্রীলঙ্কার নৌবাহিনী ৮৭ জনের মরদেহ উদ্ধার এবং ৩২ জনকে জীবিত উদ্ধারের কথা জানায়। যুক্তরাষ্ট্রের হামলায় জাহাজটি ডুবে যাওয়ার ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাবমেরিনের মাধ্যমে যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান জলপথটিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। এতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালি দিয়ে পরিবাহিত হয় বলে রয়টার্স জানিয়েছে।

এদিকে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ঘিরেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শুক্রবার রয়টার্স জানায়, অবরোধ ভেঙে ইরানের বন্দর থেকে বের হওয়ার চেষ্টা করা পালাউয়ের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজকে মার্কিন বাহিনী হামলা চালিয়ে অচল করে দেয়। এর জবাবে ইরানের নৌবাহিনীর কমান্ডার অবরোধ মোকাবিলার অঙ্গীকার করেন।

এমন পরিস্থিতিতে নৌবাহিনী দিবসের বক্তব্যে ওয়াহিদি জানালেন, ইরানের দুই নৌবাহিনী যেকোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নৌবহরকে দূরবর্তী সমুদ্রে সীমাবদ্ধ করে দেওয়ার বিষয়ে তাঁর বক্তব্য ইরানি পক্ষের দাবি; স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করা যায়নি।

সূত্র: প্রেস টিভি

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত