যুক্তরাষ্ট্রে ইসরাইলকে অস্ত্র বিক্রির প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তার ৯০

ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ এবং ইরান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এক বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ম্যানহাটনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার সময় সাবেক মার্কিন গোয়েন্দা ও হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিং এবং নিউ ইয়র্ক সিটি কাউন্সিলরসহ অন্তত ৯০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বার্তা সংস্থা এপি এই তথ্য নিশ্চিত করেছে।

বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে ‘জেউইশ ভয়েস ফর পিস’ (Jewish Voice for Peace) নামক একটি ইহুদি মানবাধিকার সংগঠন। তারা জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বিখ্যাত হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিং, জনপ্রিয় অভিনেতা হারি নেফ এবং নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য আলেকজা অ্যাভিলেস।

বিক্ষোভকারীরা শুরুতে ম্যানহাটনে সিনেট ডেমোক্রেটিক নেতা চাক শুমার এবং সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের কার্যালয়ের ভেতরে অবস্থান ধর্মঘট (Sit-in) করার চেষ্টা করেন। তাঁদের অভিযোগ, এই সিনেটররা লেবাননে ইসরায়েলি হামলা এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে উসকানি দিচ্ছেন।

নিরাপত্তাকর্মীরা ভবনের ভেতরে প্রবেশে বাধা দিলে বিক্ষোভকারীরা বাইরের প্রধান সড়ক অবরোধ করেন। এ সময় তারা চিৎকার করে স্লোগান দিতে থাকেন ‘বোমার জন্য নয়, মানুষের জন্য অর্থ ব্যয় করো!’ (Fund people, not bombs!)। যানজট নিরসন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ দ্রুত তাঁদের গ্রেপ্তার করে তিনটি বাসে করে সরিয়ে নিয়ে যায়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে খোদ আমেরিকার ভেতরেই জনরোষ বাড়ছে। বিশেষ করে ইসরায়েলকে দেওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা বন্ধের দাবিতে দেশটির বিভিন্ন শহরে শান্তিকামী মানুষ ও ইহুদি সংগঠনগুলো রাজপথে নেমে এসেছে।