ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে তার স্থান আন্তর্জাতিক বিচার আদালতের শহর হেগে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
এক মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। তার জায়গা হেগে।’
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের কথা রয়েছে। এ প্রেক্ষাপটে তাকে গ্রেপ্তার করা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে মামদানি বলেন, নিউইয়র্ক পুলিশকে (এনওয়াইপিডি) এমন নির্দেশ দেওয়ার আইনি ক্ষমতা তার রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
তিনি জানান, বিষয়টি নিয়ে নিউইয়র্ক সিটির আইন বিভাগ (ল ডিপার্টমেন্ট)-এর সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চলছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজা যুদ্ধকে কেন্দ্র করে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে আদালতের এখতিয়ার এবং সেই পরোয়ানা বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দেশে আইনি ও রাজনৈতিক বিতর্ক রয়েছে। সূত্র: আলজাজিরা