ইরানের সঙ্গে চলমান সংঘাতকে যুক্তরাষ্ট্রের জন্য ছোটখাটো বিষয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে যুদ্ধের পরিবর্তে সামরিক সংঘাত হিসেবে অভিহিত করে বলেছেন, অনেকেই একে যুদ্ধ হিসেবে দেখেন না।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে তিনি সামরিক সংঘাত বলেই মনে করেন। তাঁর ভাষায়, এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো বিষয় নয়।
ট্রাম্পের এই মন্তব্যের এক দিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও ইরানের সঙ্গে চলমান সংঘাতকে যুদ্ধ বলতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ভ্যান্সের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, অনেকেই একে যুদ্ধ বলেন না এবং তিনি নিজেও সামরিক সংঘাত হিসেবে অভিহিত করেন।
ইরানের সঙ্গে সংঘাত ছয় মাসের বেশি সময় ধরে চললেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন সামরিক হামলা বিরতিতে বিরতিতে হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতাকে ব্যাপকভাবে দুর্বল করেছে এবং দেশটির পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা ঠেকিয়েছে।
তবে সংঘাতকে ছোটখাটো হিসেবে বর্ণনা করার সময় যুক্তরাষ্ট্রের ১৮ জন সেনা নিহত হওয়ার বিষয়টি সামনে আনা হলে ট্রাম্প ইরান সংঘাতের সঙ্গে ভিয়েতনাম ও অন্যান্য দীর্ঘস্থায়ী মার্কিন যুদ্ধের তুলনা করেন। তিনি বলেন, কোনো সংঘাতকে কী নামে ডাকা হচ্ছে, তার চেয়ে যুক্তরাষ্ট্র কী অর্জন করেছে সেটিই গুরুত্বপূর্ণ।
ট্রাম্পের মন্তব্য এমন সময়ে এলো, যখন হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। সাম্প্রতিক সময়ে ইরান মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে এবং এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।
এদিকে ইরান সংঘাতের কারণে জ্বালানি ও বাণিজ্যিক পরিবহনে যে চাপ তৈরি হয়েছে, তা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসন সংঘাতের প্রভাব সীমিত করে দেখানোর চেষ্টা করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সূত্র: ফক্স নিউজ