যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।
মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে মার্চেন্ট যুক্তরাষ্ট্রের কোনো রাজনীতিক বা সরকারি কর্মকর্তাকে হত্যার জন্য একজন ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা করেছিলেন। ব্রুকলিনের একটি আদালত তাঁকে এ ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করে।
২০২০ সালের জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিদেশে সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা কাসেম সোলাইমানি। তাঁর হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানি কর্মকর্তারা বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন।
তবে মার্চেন্ট আদালতে সাক্ষ্য দিয়ে দাবি করেন, ইরানের রাজধানী তেহরানে থাকা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইআরজিসির চাপে তিনি এই ষড়যন্ত্রে জড়াতে বাধ্য হয়েছিলেন। তাঁর ধারণা ছিল, কাউকে হত্যার আগেই তিনি ধরা পড়বেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্চেন্ট আরও বলেন, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যার নির্দেশ তাঁকে দেওয়া হয়নি। তবে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ইরানি যোগাযোগকারী তিনজনের নাম উল্লেখ করেছিলেন—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি।
তবে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ মঙ্গলবার জোর দিয়ে বলেন, এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দেওয়ার পর ব্ল্যাঞ্চ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা সমন্বয় করতে যুক্তরাষ্ট্রে আসা ইরানি এজেন্টকে তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য যথাযথ সাজা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের নেতাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী ষড়যন্ত্র কোনোভাবেই সহ্য করবে না বিচার বিভাগ। এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় না আনা পর্যন্ত আমরা থামব না।”
এর আগে মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, মার্চেন্টের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাঁর কথিত ষড়যন্ত্রকে তাঁরা ‘ইরানি শাসনব্যবস্থার চিরাচরিত কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ বলেও বর্ণনা করেছিলেন।
২০২৪ সালের ১২ জুলাই যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতিকালে মার্চেন্টকে গ্রেপ্তার করা হয়।