চুয়াডাঙ্গার দর্শনায় দাঁড়িয়ে থাকা একটি খালি ট্যাঙ্কারবাহী ট্রেনে হামলা চালিয়ে দুই লোকোমাস্টারকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা জংশনের কাছাকাছি দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি খালি বিটিও (BTO) ট্যাঙ্কারবাহী ট্রেন ক্রসিংয়ের জন্য দর্শনা জংশনের অদূরে দাঁড়িয়ে ছিল। এ সময় দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনে প্রবেশ করে চালক ও সহকারী চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের মোবাইল ফোন, নগদ টাকা ও কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
আহত অবস্থায় লোকোমাস্টাররা ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াছিন আরাফাত জানান, খালি ট্যাঙ্কারবাহী ট্রেনটি বর্তমানে উথলী স্টেশনের লুপ লাইনে অবস্থান করছে। আহত চালকরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চীনের এপেক সম্মেলনে ট্রাম্পের লক্ষ্য কী?