চীনের ওপর আরও ২০ শতাংশ শুল্কের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

চীনের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় চাপ বাড়াতে দেশটির পণ্যের ওপর নতুন করে ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিদ্যমান শুল্কের সঙ্গে এই বাড়তি কর যুক্ত হলে নির্দিষ্ট কিছু চীনা পণ্যের ওপর মোট শুল্কের হার ৪৫ শতাংশে পৌঁছাতে পারে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু চীন নয়, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপানসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারকে নতুন শুল্ক পরিকল্পনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়াশিংটনের অভিযোগ, এসব দেশ সরকারি ভর্তুকি ও বিভিন্ন শিল্পনীতির মাধ্যমে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পণ্য উৎপাদন করছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে কম দামে পণ্যের সরবরাহ বাড়ছে এবং মার্কিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) আট মাসের তদন্ত শেষে নতুন শুল্কের প্রস্তাব সামনে এনেছে। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ নম্বর ধারার আওতায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে অন্য দেশের বাণিজ্যনীতি যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী বলে বিবেচিত হলে পাল্টা শুল্ক আরোপের সুযোগ রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ক্ষেত্রে বাড়তি ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বিদ্যমান বাণিজ্য সমঝোতার সীমা বিবেচনায় রাখা হবে। ফলে প্রস্তাবিত হার বাস্তবায়নের ক্ষেত্রে আগের চুক্তির শর্তও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এদিকে বেইজিং ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, দেশটির শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগের ভিত্তি নেই। নতুন শুল্ক পরিকল্পনার বিরুদ্ধেও আপত্তি জানিয়েছে তারা। তবে তাৎক্ষণিকভাবে পাল্টা শুল্কের কোনো ঘোষণা দেয়নি চীন।

বিশ্লেষকদের মতে, নতুন উদ্যোগ যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্কের বিদ্যমান সমঝোতাকে চাপের মুখে ফেলতে পারে। বিশেষ করে আগামী জানুয়ারিতে দুই দেশের বর্তমান বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকায় নতুন শুল্ক নিয়ে দর-কষাকষি আরও জটিল হতে পারে।

তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাণিজ্য আলোচনা, শুনানি ও মতামত গ্রহণের প্রক্রিয়া শেষে শুল্কের চূড়ান্ত হার নির্ধারণ করা হবে।

চীনের পাশাপাশি বাংলাদেশসহ আরও কয়েকটি দেশও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবের আওতায় রয়েছে। ফলে ওয়াশিংটনের এ সিদ্ধান্ত শুধু দুই বৃহৎ অর্থনীতির সম্পর্ক নয়, আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব ফেলতে পারে।

সূত্র: রয়টার্স।