ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযান বিস্তার এবং মধ্যযুগীয় বিউফোর্ট দুর্গ দখলের পর পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে ফ্রান্স।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো বলেছেন, পরিস্থিতির অবনতি এবং ইসরায়েলি সামরিক কার্যক্রমের বিস্তারকে কেন্দ্র করে তিনি নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, ফ্রান্স ইসরায়েলের আত্মরক্ষার অধিকার স্বীকার করলেও কোনোভাবেই লেবাননে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখা বা দেশটির ভূখণ্ডে গভীর দখলকে যৌক্তিক করা যায় না।
বারো আরও বলেন, ইসরায়েলের স্থল অভিযান সম্প্রসারণ এবং লেবাননের অভ্যন্তরে অগ্রগতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে, যার কারণে আন্তর্জাতিক হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
ফ্রান্সের এই পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাপ ও সমালোচনা ক্রমেই বাড়ছে। সূত্র: আলজাজিরা