দক্ষিণ লেবাননের বিউফোর্ট দুর্গ দখল করলো ইসরায়েল

আপডেট : ৩১ মে ২০২৬, ০৫:৩৬ পিএম

দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এপি জানিয়েছে, নাবাতিয়েহ শহরের কাছে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দুর্গটি এখন ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান সম্প্রতি একটি ছবি প্রকাশ করে, যেখানে দুর্গের ওপর ইসরায়েলের পতাকা উড়তে দেখা যায়।  বিউফোর্ট দুর্গটি লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি উঁচু পাহাড়ি চূড়ায় অবস্থিত।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি লেবানন কর্তৃপক্ষ। ফলে দুর্গটির নিয়ন্ত্রণ নিয়ে স্বাধীনভাবে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

দাবিটি সত্য হলে চলমান সংঘাতে এটি ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক অর্জন হিসেবে বিবেচিত হবে। গত ২ মার্চ থেকে হিজবুল্লাহ–এর সঙ্গে সংঘাতে জড়িত ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে।

ক্রুসেডার আমলে নির্মিত এই দুর্গটি ইউনেস্কো–স্বীকৃত একটি ঐতিহ্যবাহী স্থাপনা। অতীতে ইসরায়েল প্রায় ১৮ বছর এই অঞ্চল দখলে রাখার পর ২০০০ সালে লেবানন থেকে সেনা প্রত্যাহার করে নেয়।

বিউফোর্ট দুর্গটি দক্ষিণ লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চভূমিতে অবস্থিত। ফলে এর নিয়ন্ত্রণ সামরিক দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্ব বহন করে। বিশ্লেষকদের মতে, দুর্গটির দখল নিশ্চিত হলে তা সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলের নজরদারি ও কৌশলগত সক্ষমতা আরও জোরদার করবে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে অভিযোগ রয়েছে। সমালোচকদের দাবি, যুদ্ধবিরতির পরও ইসরায়েল একাধিকবার তা লঙ্ঘন করেছে এবং বর্তমানে দেশটির বাহিনী লেবাননের অভ্যন্তরে গত প্রায় ২৫ বছরের মধ্যে সবচেয়ে গভীর অনুপ্রবেশ চালিয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত