ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ দক্ষিণ লেবাননের কৌশলগত বিউফোর্ট দুর্গ দখলকে স্বাগত জানিয়ে একে অতীতের 'জাতীয় ভুলের সংশোধন' হিসেবে আখ্যা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় স্মোটরিচ বলেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ইসরায়েল তা বাস্তবায়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে। তার ভাষায়, 'বিউফোর্টে প্রত্যাবর্তন পুরোনো জাতীয় ভুল এবং ভ্রান্ত ধারণার সংশোধনের প্রতীক।'
তিনি লেবানন থেকে ইসরায়েলের পূর্ববর্তী প্রত্যাহারকে 'বিপর্যয়' হিসেবে বর্ণনা করে দাবি করেন, সেই সিদ্ধান্তের ফলে হিজবুল্লাহ শক্তিশালী হয়ে উঠেছে এবং এখন সেই সক্ষমতা মোকাবিলায় ইসরায়েলকে কঠোর সামরিক পদক্ষেপ নিতে হচ্ছে।
স্মোটরিচ আরও বলেন, লেবানন ও গাজা ইস্যুতে যারা ইসরায়েলকে পিছু হটার আহ্বান জানিয়েছিল, তারা ভুল ছিল। তিনি স্থায়ী ভূখণ্ডভিত্তিক নিরাপত্তা নীতি এবং আরও আক্রমণাত্মক সামরিক কৌশলের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন।
একইসঙ্গে তিনি কঠোর প্রতিশোধমূলক নীতিরও আহ্বান জানান। তার বক্তব্যে বলা হয়, 'প্রতিটি বিস্ফোরক ড্রোন হামলার জবাবে বৈরুতে ১০টি ভবন ধ্বংস হওয়া উচিত। ইসরায়েলকে সংঘাতের সমীকরণ বদলে দিতে হবে।'
স্মোটরিচের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা এবং বিউফোর্ট দুর্গ দখলকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। সমালোচকদের মতে, তার বক্তব্য পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে এবং সংঘাতের বিস্তার নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে। সূত্র: আলজাজিরা
বিউফোর্ট দুর্গ দখলে হিজবুল্লাহ'র সরবরাহে বড় ঘাটতি
দক্ষিণ লেবাননের বিউফোর্ট দুর্গ দখল করলো ইসরায়েল