পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফিরিয়ে দিলেন জেলেনস্কি

ঐতিহাসিক বিতর্ক ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইউক্রেন ও পোল্যান্ড-এর মধ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন এক বিতর্কিত সামরিক ইউনিটকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক টানাপোড়েনের জেরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোল্যান্ডের দেওয়া সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফিরিয়ে দিয়েছেন।

জেলেনস্কি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তিনি বিশ্বাস করেন এই সম্মাননাটি আসলে ইউক্রেনের জনগণ ও সেনাবাহিনীর জন্যই প্রাপ্য ছিল। একই সঙ্গে তিনি সেই পদক ফেরত পাঠানোর সিদ্ধান্তের কথাও নিশ্চিত করেন।

বিতর্কের সূত্রপাত হয় যখন পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইউক্রেনীয় ইনসারজেন্ট আর্মি বা ইউপিএ-কে ঘিরে ইউক্রেনের সাম্প্রতিক সামরিক নামকরণ সিদ্ধান্তের সমালোচনা করেন। পোল্যান্ডের দাবি, ওই ইউনিট যুদ্ধকালীন সময়ে পোলিশ নাগরিকদের ওপর ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছে।

এর জেরে ২০২৩ সালে জেলেনস্কিকে দেওয়া পোল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা ‘অর্ডার অব দ্য হোয়াইট ঈগল’ প্রত্যাহার করা হয়, যা দুই দেশের সম্পর্ককে নতুন করে উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, ইতিহাস নিয়ে মতভেদ থাকলেও রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পোল্যান্ডের সমর্থন তারা মূল্যায়ন করে। একইসঙ্গে উভয় দেশই অতীত বিতর্ক নিরসনের পথে আলোচনার দরজা খোলা রাখার কথা জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা ইউক্রেন–পোল্যান্ড সম্পর্কের কূটনৈতিক ভারসাম্যে সাময়িক চাপ সৃষ্টি করলেও বৃহত্তর নিরাপত্তা সহযোগিতায় বড় পরিবর্তনের সম্ভাবনা কম। সূত্র: সিএনএন