গোরস্থান থেকে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ, গ্রেপ্তার হাসপাতালকর্মী

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় তদন্ত ব্যুরো। পুলিশের অভিযোগ, তিনি পরিত্যক্ত কবরস্থান এবং নিজের কর্মস্থল হাসপাতাল থেকে সংগ্রহ করা মানবদেহের বিভিন্ন অংশ বাসা ও কর্মস্থলে সংরক্ষণ করছিলেন।

পুলিশ জানিয়েছে, গত ১৭ জুন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি হাসপাতালে ওয়ার্ড সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

তল্লাশিতে তার বাসা থেকে একাধিক মানব খুলি, একটি সম্পূর্ণ পা, একটি হাত এবং মুখের চামড়া ব্যবহার করে তৈরি মানবমুখের একটি পুনর্গঠন মডেল উদ্ধার করা হয়। এছাড়া একটি স্যুটকেসে সংরক্ষিত অবস্থায় আরও বিভিন্ন হাড় পাওয়া গেছে।

পুলিশ একটি কাচের জারে সংরক্ষিত হৃদপিণ্ডও উদ্ধার করেছে। সেটি মানুষের নাকি অন্য প্রাণীর, তা নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি মানবদেহের অংশ সংগ্রহের কথা স্বীকার করেছেন। তদন্তকারীদের তিনি জানান, মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের প্রতি তার বিশেষ আকর্ষণ রয়েছে। এমনকি তিনি দাবি করেছেন, এসব দেহাংশ দিয়ে খাবার প্রস্তুত করে তা খেয়েছেন। বর্তমানে তাকে মানবদেহের অবৈধ ব্যবহার সংক্রান্ত অভিযোগে আটক রাখা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি শারীরস্থানবিদ্যা ও রোগতত্ত্ব বিষয়ে গভীর আগ্রহী এবং প্রাণী কেটে পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন। তদন্তকারীদের ধারণা, তিনি হাসপাতালের কাজের সূত্রে কিছু দেহাংশ সংগ্রহ করেছেন। পাশাপাশি স্লোভাকিয়া ও হাঙ্গেরির পরিত্যক্ত কবরস্থান থেকেও মরদেহ উত্তোলন করেছেন।

ঘটনার তদন্তে তার কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল ফোন, সিম কার্ড ও তথ্য সংরক্ষণ ডিভাইস জব্দ করা হয়েছে।

উদ্ধার করা সব দেহাংশ এখন ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা হবে। পুলিশ জানিয়েছে, দেহাংশগুলোর উৎস শনাক্ত হওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ যুক্ত হতে পারে। সূত্র: সিএনএন