'বাব আল-মান্দাব প্রণালি ইরানের 'ব্যাকআপ অস্ত্র''

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, হরমুজ প্রণালির পাশাপাশি বাব আল-মান্দাব প্রণালিও ইরানের হাতে একটি ‘বিকল্প কৌশলগত অস্ত্র’ হিসেবে রয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরানে অবস্থান করা মেদভেদেভ এ মন্তব্য করেন। এর আগে তিনি বলেছিলেন, হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের সমতুল্য একটি কৌশলগত সম্পদ।

একই বক্তব্যে তিনি বলেন, বাব আল-মান্দাব প্রণালিও ইরানের হাতে একটি ‘ব্যাকআপ অস্ত্র’। ইয়েমেন, জিবুতি ও ইরিত্রিয়ার মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ জলপথটি এডেন উপসাগরকে লোহিত সাগর ও সুয়েজ খালের সঙ্গে সংযুক্ত করেছে।

মেদভেদেভ সতর্ক করে বলেন, আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হলে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। তিনি বলেন, ‘আমি আশা করি পরিস্থিতি সেখানে গড়াবে না। তবে এই অঞ্চলে সংঘাত উসকে দিতে আগ্রহী সব দেশের বিষয়টি মনে রাখা উচিত।’

এর আগে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বাব আল-মান্দাব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। গত ৮ জুন তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞাও ঘোষণা করে। সূত্র: আলজাজিরা